ই-পারিবারিক আদালতে কমবে ভোগান্তি-দুর্নীতি: আইন উপদেষ্টা

- আপডেট সময় : ১২:০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / 59
দেশে ই-পারিবারিক আদালতের মাধ্যমে ভোগান্তি ও দুর্নীতি কমবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ (সোমবার, ২৪ নভেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
আইন উপদেষ্টা বলেন, ‘ই-পারিবারিক আদালতের মাধ্যমে নিঃসন্দেহে ভোগান্তি ও দুর্নীতি কমবে, সময়ও বাঁচবে।’
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার সবচেয়ে বড় অফিস হোয়াটসঅ্যাপ। তিনি হোয়াটসঅ্যাপেই বেশি কাজ করেন। কাজেই আমাদেরও ডিজিটাইলেশনের দিকে আগানো উচিত।’
তিনি বলেন, আইন মন্ত্রণালয়ে আমরা ২১টি রিফর্ম করেছি। আমরা আশা করি, আমাদের পরে যে রাজনৈতিক দল, আসবে তারা দেশকে ভালোবেসে এগুলো ধরে রাখবে। তাই পরবর্তী সরকারের প্রতি অনুরোধ, আমাদের উদ্যোগগুলো অব্যাহত রাখেবেন।
ড. আসিফ নজরুল জানান, ‘বিনা পয়সায় লিগ্যাল এইডে গিয়ে আপনি বিচার পাবেন। পারিবারিক মামলার ক্ষেত্রে আমরা তা বাধ্যতামূলক করে দিয়েছি। এখন ২০টি জেলায় চালু করেছি, যাওয়ার আগে ৬৪টি জেলায় চালু করব। আশা করি, ৫ বছরের মধ্যে মামলার জট ৫০ শতাংশ কমে যাবে।’
তিনি আরও বলেন, সিঙ্গাপুরকে সংস্কার করতে সাবেক প্রধানমন্ত্রী লি কুয়ান ইউর ১০ বছর লেগেছে। কাজেই সংস্কার রাতারাতি সম্ভব না। যেটা দেশের মানুষ গ্রহণ করতে পারবে না, সেই সংস্কার করতে গিয়ে রাষ্ট্রকাঠামো দুর্বল করা যাবে না। সংস্কার গ্রহণ করার জন্য দেশের মানুষকেও প্রস্তুত করতে হবে। সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তববাদী হতে হবে।




















