৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা

- আপডেট সময় : ১২:৫৮:৫৪ অপরাহ্ন, রোববার, ৭ ডিসেম্বর ২০২৫
- / 219
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য এবং কানাডার ইউকন অঞ্চলের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় শনিবার শক্তিশালী ৭ দশমিক ০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং এখন পর্যন্ত কোথাও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ লস অ্যাঞ্জেলেস থেকে বার্তাসংস্থা এএফপিকে এ খবর জানায়।
গ্রিনিচ মান সময় ২০৪১টায় হওয়া ওই ভূমিকম্পের পর তিন ঘণ্টার মধ্যে ৫.১ থেকে ৩.৩ মাত্রার অন্তত ৩০টিরও বেশি আফটারশক অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কানাডার ইউকনের রাজধানী হোয়াইটহর্স থেকে প্রায় ১৫৫ মাইল পশ্চিমে ও আলাস্কার রাজধানী জুনাউ থেকে ২৩০ মাইল উত্তর-পশ্চিমে।
যুক্তরাষ্ট্র সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, এই ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই।
১১৪ জন জুলাই শহীদের লাশ উত্তোলন শুরু করেছে সিআইডি
ইউকনের হোয়াইটহর্স শহরে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট কালিস্তা ম্যাকলিওড জানান, ভূমিকম্পের সময় তাদের দপ্তরে ৯১১ নম্বরে দুটি ফোনকল আসে। তিনি বলেন, ‘ভূমিকম্পটি স্পষ্টভাবেই অনুভূত হয়েছে। সোশ্যাল মিডিয়ায়ও অনেক মানুষ জানিয়েছে, তারা কম্পন টের পেয়েছেন।’
কানাডার প্রাকৃতিক সম্পদ বিভাগে কর্মরত ভূকম্পনবিদ অ্যালিসন বার্ড জানান, ইউকনের যে অংশে ভূমিকম্পের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে, সেটি মূলত পাহাড়ি এলাকা এবং সেখানে জনসংখ্যাও খুব কম। তিনি বলেন, ‘বেশিরভাগ মানুষ জানিয়েছেন, ঘরের তাক ও দেয়াল থেকে কিছু জিনিস পড়ে গেছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।’
ভূমিকম্পটির নিকটতম কানাডীয় জনবসতি হলো হেইনস জংশন, যা উৎপত্তিস্থল থেকে প্রায় ৮০ মাইল (১৩০ কিলোমিটার) দূরে অবস্থিত। ইউকন ব্যুরো অব স্ট্যাটিসটিকসের তথ্য অনুযায়ী, ২০২২ সালে এ এলাকার জনসংখ্যা ছিল এক হাজার ১৮ জন।
এ ছাড়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল থেকে মাত্র ৫৬ মাইল (৯১ কিলোমিটার) দূরে অবস্থিত আলাস্কার ইয়াকুতাত শহরে প্রায় ৬৬২ জন বাসিন্দা বসবাস করেন বলে জানিয়েছে ইউএসজিএস।

























