খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল; চিকিৎসা গ্রহণ করছেন: ডা. জাহিদ

- আপডেট সময় : ০২:৪৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / 227
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতই স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, চিকিৎসকরা তাকে যে চিকিৎসা দিচ্ছে, সেটা বেগম খালেদা জিয়া গ্রহণ করতে পারছে।
আজ (বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
ডা. জাহিদ হোসেন বলেন, ‘‘আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা বেগম খালেদা জিয়াকে দেওয়া হচ্ছে—তিনি তা গ্রহণ করতে পারছেন। গত কয়েক দিন আগে তাঁর শারীরিক অবস্থা যেরকম ছিল… আলহামদুলিল্লাহ সেটি বজায় রয়েছে। এ জন্যই চিকিৎসকরাসহ আমরা সবাই আশাবাদী; ইনশাআল্লাহ তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।’’
ফয়সালের জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের সম্পর্ক নেই: আসিফ নজরুল
তিনি বলেন, ‘‘বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার ডাক্তারদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন সকালে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন। চিকিৎসকরা এ নিয়ে পরে আলোচনা করেন। আবার প্রতিদিন সন্ধ্যার পর বিদেশি চিকিৎসকদের সঙ্গে কথা বলা হয়। সে প্রেক্ষিতে আবার মিটিং হয় এবং সে অনুযায়ী এখানে চিকিৎসা পরিচালিত হচ্ছে।’’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।





















