৫০ ওভারে ৫৭৪ রানের বিশ্ব রেকর্ড
- আপডেট সময় : ০২:৩৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / 183
তরুণ বিস্ময় ব্যাটার বৈভব সূর্যবংশীকে একই ম্যাচে ছাড়িয়ে গেলেন তার দলের অধিনায়ক সাকিবুল গণি। ওপেনিংয়ে নেমে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করেন সূর্যবংশী। পরে পাঁচ নম্বরে নেমে গণি করেন ৩২ বলে সেঞ্চুরি।
এই দুজনের সঙ্গে আয়ুশ লোহারুকাও তিন অঙ্ক স্পর্শ করলে ৫০ ওভারে ৫৭৪ রানের বিশ্ব রেকর্ড গড়ে বিহার।
লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে এটি সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ভারতের বিজয় হাজারে ট্রফির উদ্বোধনী দিনে অরুণাচল প্রদেশের বিপক্ষে ৬ উইকেটে ৫৭৪ রান করেছে বিহার।
এত দিন রেকর্ডটি ছিল তামিল নাড়ুর নামে। ২০২২ সালের বিজয় হাজারে ট্রফিতে একই দলের বিপক্ষে ২ উইকেটে ৫০৬ রান করেছিল তারা। বিহার ও তামিল নাড়ু ছাড়া আর কোনো দলের লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫০০ রান করার নজির নেই।
৩৬ বলে সেঞ্চুরি, সূর্যবংশীর বিশ্ব রেকর্ড
মাত্র ১৪ বছর ২৭২ দিন বয়সে লিস্ট ‘এ’ ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড ৮৪ বলে ১৯০ রানের ইনিংস খেলেন সূর্যবংশী। ১৬ চারের সঙ্গে ১৫টি ছক্কা মারেন বিধ্বংসী বাঁহাতি ওপেনার।
তার বিদায়ের সময় বিহারের সংগ্রহ ২৬.৪ ওভারে ২ উইকেটে ২৬১ রান। সেখান থেকে বাকি ১৪০ বলে আরও ৩১৩ রান করেছে দলটি।
চার নম্বরে নামা লোহারুকার ব্যাট থেকে আসে ১১ চার ও ৮ ছক্কায় ৫৬ বলে ১১৬ রান। আর শেষ দিকে রেকর্ড গড়া সেঞ্চুরিতে মাত্র ৪০ বলে ১০ চার ও ১২ ছক্কায় ১২৮ রানের অপরাজিত ইনিংস খেলেন গণি।
বিধ্বংসী এই ইনিংসে ৩২ বলে সেঞ্চুরি করেন গণি। ভারতীয় ব্যাটারদের মধ্যে এটিই লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এদিনই ৩৩ বলে সেঞ্চুরি করে আগের রেকর্ড গড়েছিলেন ঝাড়খণ্ডের হয়ে খেলা ইশান কিশান।
সব মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার ম্যাকগার্কের, ২৯ বলে। এছাড়া ৩১ বলে সেঞ্চুরি আছে এবি ডি ভিলিয়ার্সের।



























আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস