‘ধর্ম বিক্রিকারীদের বিষয়ে আলেম-ওলামাদের সচেতন থাকতে হবে’

- আপডেট সময় : ১০:২৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- / 78
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা ইসলামের দোহাই দিয়ে ধর্ম বিক্রি করা শুরু করেছে তাদের বিষয়ে আলেম-ওলামাদের সচেতন থাকতে হবে। আজ (শনিবার, ৩ জানুয়ারি) বিকেলে কক্সবাজারের চকরিয়ার ফাসিয়াখালী ইউনিয়নের স্থানীয় আলেম ওলামাদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘যারা আলেম উলামাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য, কোন পরিকল্পনা না দিয়ে শুধু ইসলামের দোহাই দিয়ে ধর্ম বিক্রি করা শুরু করেছে তাদের বিষয়ে আলেম-ওলামাদের সচেতন থাকতে হবে।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দুনিয়ার জন্য দ্বীনকে যেন কেউ বিক্রি না করে। ভোটের বিনিময়ে কেউ যেন জান্নাত বিক্রি না করে।’ এ বিষয়টিকে ঈমানী দায়িত্ব হিসেবে পালনের জন্য তিনি আলেম সমাজের প্রতি আহ্বান জানান।
ঢাকা-১৮ আসনে মান্নার মনোনয়নপত্র বৈধ
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ইমাম, মুয়াজ্জিন ও খতিবেরা আগে রাষ্ট্র থেকে স্বীকৃত কোনো ভাতা পেতেন না বা স্বীকৃতি পেতেন না। প্রথম শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল দেশের আলেম সমাজকে রাষ্ট্রীয় ভাবে সম্মানিত করতে ঘোষণা দিয়েছে। তাদের একটা ভাতা দেয়া হবে, সে ভাতার পরিমাণ যাই হোক, রাষ্ট্রীয় তহবিল থেকে তাদের জন্য একটা ভাতা আসবে। সেই সঙ্গে অন্যান্য ধর্মাবলম্বীর উপাসনালয়ে যারা কাজ করেন তাদেরকেও এরকম ভাতা দেয়া হবে।’
এর আগে চকরিয়ায় জুলাই যোদ্ধা শহীদ আহছান হাবিবের কবর জিয়ারত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। কবর জিয়ারত শেষে তিনি ছড়ারকুল মাদ্রাসা রহমানিয়া হেফজ খানা এতিম খানার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর ও স্থাপন করেন।
ইমাম মুয়াজ্জিন খতিব ও আলেম উলামাদের মতবিনিময় সভায় মুফতি এনামুল হকের সভাপতিত্বে আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম আব্দুল মান্নান, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোবারক আলী, ফাসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি কুতুবউদ্দিনসহ স্থানীয় মসজিদের ইমাম মুয়াজ্জিন ও খতিবগণ বক্তব্য রাখেন।




















