অ্যালেন-সাইফার্টের ঝড়ে নিউজিল্যান্ডের বিশ্ব রেকর্ড

- আপডেট সময় : ০৯:৩৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 99
মোহাম্মদ ওয়াসিম ও আলিশান শারাফুর ব্যাটে লড়াকু পুঁজি পেল সংযুক্ত আরব আমিরাত। কিন্তু লড়াই একটুও করতে পারল না তারা। কারণ বিধ্বংসী ব্যাটিংয়ে বিশ্ব রেকর্ড গড়ে নিউ জিল্যান্ডকে জেতালেন টিম সাইফার্ট ও ফিন অ্যালেন।
চেন্নাইয়ে মঙ্গলবার বিকেলের ম্যাচে আমিরাতকে ১০ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করে ১৭৩ রানের সংগ্রহ দাঁড় করায় আমিরাত। জবাবে মাত্র ১৫.২ ওভারে ম্যাচ জিতে যায় কিউইরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম ১০ উইকেটের জয় পেল নিউ জিল্যান্ড।
দলের বড় জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ জুটি গড়েছেন সাইফার্ট ও অ্যালেন। এতদিন সর্বোচ্চ জুটির রেকর্ড ছিল ২০২২ বিশ্বকাপে ভারতের বিপক্ষে জস বাটলার ও অ্যালেক্স হেলসের ১৭০ রান।
বিশ্ব রেকর্ড গড়ে ১৭৫ রানের জোট বাধলেও সেঞ্চুরি করতে পারেননি সাইফার্ট বা অ্যালেন। ১২ চার ও ৩ ছক্কায় ৪২ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন সাইফার্ট। অ্যালেনের ব্যাট থেকে আসে ৫টি করে চার-ছক্কায় ৫০ বলে ৮৪ রান।
রেকর্ড গড়ে নামিবিয়াকে হারাল নেদারল্যান্ডস
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে আমিরাতের শুরুটা ভালো হয়নি। জ্যাকব ডাফির বাউন্সারে আউট হন আরিয়ানশ শর্মা। তবে অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম (৬৬*) ও আলিশান শারাফু (৫৫) দ্বিতীয় উইকেটে ৭৭ বলে ১০৭ রানের জুটি গড়ে একপর্যায়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলে দেন। এই জুটির ওপর ভর করেই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান করে আমিরাত।
সংক্ষিপ্ত স্কোর:
সংযুক্ত আরব আমিরাত ১৭৩/৬ (২০ ওভার) – মুহাম্মদ ওয়াসিম ৬৬*, আলিশান শারাফু ৫৫; ম্যাট হেনরি ২/৩৭, জ্যাকব ডাফি ১/১৬
নিউজিল্যান্ড ১৭৫/০ (১৫.২ ওভার) – টিম সাইফার্ট ৮৯*, ফিন অ্যালেন ৮৪*
ফল: নিউজিল্যান্ড জয়ী ১০ উইকেটে
























