প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার মধ্যে দায়িত্ব বন্টন
- আপডেট সময় : ০৮:৪১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 58
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের ১০ জন উপদেষ্টার দায়িত্ব বণ্টন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী নিজেই মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগপ্রাপ্ত এই উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করেছেন।
মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া পাঁচজন উপদেষ্টার মধ্যে তিনজনকে রাজনৈতিক দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (মির্জা আব্বাস), নজরুল ইসলাম খান এবং রুহুল কবীর রিজভী আহমেদ। তারা এখন থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করবেন। অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন মো. ইসমাইল জবিউল্লাহ। পাশাপাশি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দপ্তরের উপদেষ্টার দায়িত্ব অর্পণ করা হয়েছে রাশেদ আল মাহমুদ তিতুমীরের ওপর।
অমর একুশে বইমেলা বৃহস্পতিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত অপর পাঁচজন উপদেষ্টার দপ্তরও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এর মধ্যে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) শামসুল ইসলাম। পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি নির্ধারণের দায়িত্ব থাকছে জাহেদ উর রহমানের কাছে। মাহাদি আমিনকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের খাত সামলাতে হবে। এ ছাড়া, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন রেহান আসিফ আসাদ।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি এই ১০ জনকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তার এই নতুন সরকারে বর্তমানে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

























China launches new satellite group into space