শেষ ষোলোয় রিয়াল, আশা জাগিয়েও বিদায় জুভেন্টাসের

- আপডেট সময় : ১২:৫৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 246
ভিনিসিয়ুস জুনিয়রের জয়সূচক গোলে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।
বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে লস ব্ল্যাঙ্কোসদের জয় ২-১ গোলে। দুই লেগ মিলিয়ে বেনফিকাকে ৩-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল।
ম্যাচের আগে আলোচনার কেন্দ্রেই ছিলেন ভিনিসিয়ুস। প্রথম লেগে গোল করার পর প্রতিপক্ষ খেলোয়াড়ের কাছ থেকে বর্ণবাদী আচরণের অভিযোগ তোলেন তিনি।
সেই ঘটনার জেরে অভিযুক্ত জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি এক ম্যাচের নিষেধাজ্ঞা পান। বুধবারের ফিরতি লেগে গ্যালারিতে বর্ণবাদকে না লেখা ব্যানার তুলে সমর্থন জানান স্বাগতিক সমর্থকেরা।
ম্যাচের ১৪ মিনিটে এগিয়ে যায় বেনফিকা। গোলকিপার থিবো কর্তোয়া আত্মঘাতী গোল এড়ালেও ফিরতি বলে সুযোগ বুঝে রাফা সিলভা দ্রুত শট নিয়ে বল জালে জড়ান।
বেনফিকার গোলের মাত্র দুই মিনিটের মাথায় সমতায় ফেরে রিয়াল। বক্সের বাইরে থেকে দারুণ বাঁকানো শটে গোল করেন অরেলিয়েন চুয়ামেনি। চ্যাম্পিয়নস লিগে এটি তার প্রথম গোল।
চোটের কারণে কিলিয়ান এমবাপে না থাকায় এদিন আক্রমণে কিছুটা ছন্দহীন ছিল রিয়াল। তবে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা।
শেষ বাঁশি বাজার ১০ মিনিট আগে ডান দিক দিয়ে বক্সে ঢুকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ভিনিসিয়ুস। সেটিই হয়ে ওঠে জয়সূচক গোল। গোলের পর প্রথম লেগের মতো একইভাবে নেচে উদযাপন করেন ভিনিসিয়ুস। শেষ পাঁচ ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এটি ষষ্ঠ গোল।
পরের রাউন্ডে রিয়ালের সম্ভাব্য প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি অথবা স্পোর্টিং লিসবন।
আশা জাগিয়ে জুভেন্টাসের বিদায়
রাতের অপর ম্যাচে অতিরিক্ত সময়ে ভিক্টর ওসিমেন ও বারিস ইয়িলমাজের গোলে রোমাঞ্চকর লড়াইয়ে শেষ ষোলোয় উঠেছে গ্যালাতাসারাই।
প্রথম লেগে ইস্তানবুলে ৫-২ ব্যবধানে পিছিয়ে থাকার পরও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখিয়েছিল জুভেন্টাস। মূল ম্যাচের শেষ দিকে ওয়েস্টন ম্যাকেনির হেডে ৩-০ ব্যবধানে এগিয়ে দুই লেগ মিলিয়ে সমতা (৫-৫) ফেরায় ইতালিয়ান ক্লাবটি।
শেষ পর্যন্ত এই ম্যাচে ৩-২ ব্যবধানে হারলেও দুই লেগ মিলিয়ে ৭-৫ অগ্রগামিতায় শেষ ষোলোতে ওঠে গ্যালাতাসারাই।
প্রথমার্ধে লুকাস তোরেইরার ফাউলে পাওয়া পেনাল্টি থেকে গোল করে প্রত্যাবর্তনের সূচনা করেন অধিনায়ক মানুয়েল লোকাতেল্লি।
৪৮ মিনিটে ইংলিশ ডিফেন্ডার লয়েড কেলি প্রথমে হলুদ কার্ড দেখলেও ভিএআর রিভিউয়ের পর সেটি সরাসরি লাল কার্ডে রূপ নেয়। ১০ জনে নেমেও দারুণ লড়াই চালায় জুভেন্টাস।
ফেদেরিকো গাত্তি ৭০ মিনিটে গোল করে আশা জাগান। এরপর ৮২ মিনিটে ম্যাকেনির কাছ থেকে আসে সমতাসূচক গোল।
অতিরিক্ত সময়ে খেলা গড়ালে আর পেরে ওঠেনি স্বাগতিকরা। ইয়িলমাজের পাস থেকে নিচু শটে জাল খুঁজে নেন ওসিমেন। ম্যাচের একদম শেষ মিনিটে পাল্টা আক্রমণে নিজেই গোল করে জয় নিশ্চিত করেন বারিস ইয়িলমাজ।
২০১৩-১৪ মৌসুমের পর এই প্রথমবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় উঠল গ্যালাতাসারাই। পরের রাউন্ডে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ লিভারপুল অথবা টটেনহ্যাম হটস্পার।


























