২৫ মার্চ রাতে এক মিনিট অন্ধকারে থাকবে দেশ
- আপডেট সময় : ১০:৫৪:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
- / 44
গণহত্যা দিবস পালনের লক্ষ্যে ২৫ মার্চ রাতে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। আজ সোমবার তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মার্চ সারা দেশে রাত ১০টা ৩০ থেকে ১০টা ৩১মিনিট পর্যন্ত এক মিনিটের প্রতীকী ব্ল্যাক-আউট পালন করা হবে। তবে কেপিআই ও জরুরি স্থাপনা এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনসমূহ এর আওতামুক্ত থাকবে।
মন্ত্রণালয় আরও জানায়, দিবসটির পবিত্রতা ও গাম্ভীর্য বজায় রাখতে ২৫ মার্চ রাতে দেশের কোনো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি ভবন ও স্থাপনায় আলোকসজ্জা করা যাবে না।
এর আগে, ৮ মার্চ সচিবালয়ে এক প্রস্তুতিমূলক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসেও দেশব্যাপী আলোকসজ্জা করা হবে না।
তেলের সংকট নেই, দুদিন সরবরাহ বন্ধ থাকায় চাপ হয়েছে: জ্বালানিমন্ত্রী
২৫ মার্চের এই প্রতীকী অন্ধকার একাত্তরের কালরাতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং পাকিস্তানি বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের বিরুদ্ধে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে পালন করা হবে।
এদিকে দেড়যুগেরও বেশি সময় পর এ বছর ফিরছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। এরইমধ্যে কয়েক দফা মহড়ার মাধ্যমে প্রস্তুতি ঝালাই করেছেন সেনা-নৌ-বিমান বাহিনীসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থল ও আকাশে নানা কৌশলগত প্রদর্শনীতে ফুটে উঠবে দেশের প্রতিরক্ষা সক্ষমতা।
২৬ মার্চ স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রত্যয়ী শপথে দেশের সার্বভৌমত্বের প্রহরীরা। প্যারেডে অংশ নেবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্যারেডে এবার কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদুল হক।























খাগড়াছড়িতে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত ৩