ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হয়েছে: ট্রাম্প

- আপডেট সময় : ০২:২৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / 88
হোয়াইট হাউসে হোমল্যান্ড সিকিউরিটির নতুন সেক্রেটারি মার্কওয়েন ম্যুলিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় নিশ্চিত হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যুদ্ধে আমরা জয়ী হয়েছি।’ পাশাপাশি তিনি জানান, তেহরান এখন একটি চুক্তিতে পৌঁছাতে মরিয়া হয়ে উঠেছে এবং যুক্তরাষ্ট্র ইরানের সঠিক লোকজনের সঙ্গেই আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে কবে বা কীভাবে আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধের অবসান ঘটবে, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো রূপরেখা দেননি।
মার্কিন প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন, ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় তার প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা যুক্ত রয়েছেন। এ প্রক্রিয়ায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নিচ্ছেন। ট্রাম্পের দাবি, ইরান এখন যেকোনো মূল্যে একটি চুক্তি করতে চায় এবং তাদের জায়গায় অন্য কেউ থাকলেও এমনটাই চাইত।
ফিলিপাইনে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা
আলোচনার অগ্রগতির ইঙ্গিত দিয়ে ট্রাম্প জানান, ওয়াশিংটন সঠিক লোকজনের সঙ্গে আলোচনা করছে বলেই ইরানি আলোচকরা যুক্তরাষ্ট্রকে তেল, গ্যাস এবং হরমুজ প্রণালি সম্পর্কিত একটি ‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ পুরস্কার’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে পুরস্কারটি আসলে কী, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু পরিষ্কার করেননি।
তেহরানে সাম্প্রতিক হামলার প্রভাবে দেশটিতে একপ্রকার ‘শাসনব্যবস্থার পরিবর্তন’ এসেছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি দাবি করেন, ইরান ভবিষ্যতে আর কোনোদিন পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এমন কঠিন শর্তে তারা রাজি হয়েছে। ইরানের বর্তমান সামরিক পরিস্থিতি সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাদের নৌবাহিনী, বিমানবাহিনী এবং যোগাযোগ ব্যবস্থা এখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, যার ফলে তারা নিজেদের মধ্যেও যোগাযোগ করতে পারছে না এবং এটিই এখন তাদের সবচেয়ে বড় সংকট।
এছাড়া যুদ্ধকালীন অস্থিতিশীল পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন ট্রাম্প। সংযুক্ত আরব আমিরাতকে ‘চমৎকার’ এবং কাতারকে ‘দুর্দান্ত’ রাষ্ট্র হিসেবে অভিহিত করেন তিনি। তথ্যসূত্র: বিবিসি

























