রাজধানীতে জমে উঠছে পশুর হাট

- আপডেট সময় : ১১:৩৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / 37
আর মাত্র কদিন পরেই ঈদুল আজহা। এরই মধ্যে রাজধানীর কোরবানির হাটগুলোতে পশু নিয়ে আসছেন ব্যাপারীরা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিশাল আকৃতির গরু নজর কাড়ছে ক্রেতাদের। এদের নামও ক্রেতাদের আকর্ষণ করছে। হাট কাপাচ্ছে সুলতান-রাজা-বাদশা-লালবাহার নামের গরুগুলো। এখন বেচাবিক্রি কম হলেও ক্রেতারা হাট ঘুরে দাম যাচাই করছেন।
আজ শনিবার (২৩ মে) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজধানীর কোরবানির পশুর হাটের বেচাকেনা। তবে হাট পুরোপুরি জমে উঠতে আরও কিছুটা সময় লাগবে। শুরুর দিন যারা হাটে আসছেন তারাও দাম যাচাই-বাছাই আর পছন্দের পশু খুঁজতেই ঘুরছেন এক হাট থেকে অন্য হাটে।
এ বিষয়ে পশু বিক্রেতারা বলছেন, ঈদ যত ঘনিয়ে আসবে, ততই ক্রেতার চাপ বাড়বে এবং বেচাকেনা জমে উঠবে। এবার ভালো দাম পাবেন এমন প্রত্যাশা করছেন ব্যাপারী ও বিক্রেতারা।
পশুহাটকে সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে নানা পদক্ষেপ নিয়েছেন ইজারাদাররাও। পর্যাপ্ত আলোর ব্যবস্থার পাশাপাশি, হাটের নিরাপত্তা নিশ্চিতে বসানো হয়েছে সিসি ক্যামেরা।
এদিকে, প্রতারক চক্র ও অজ্ঞান পার্টির তৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মাঠে রয়েছেন।




















