ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- আপডেট সময় : ১২:৫৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / 5
কলাম্বিয়া-ঘানা, দুই দলেরই আছে বিশ্বকাপে একবার কোয়ার্টার ফাইনালে খেলার অতীত। এছাড়াও রাউন্ড অব সিক্সটিনে কলাম্বিয়া দুইবার, ঘানা একবার উঠেছে। কানসাস সিটি স্টেডিয়ামে এই দুই দলের রাউন্ড অব ৩২-এর ম্যাচটিতে তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের উত্তাপ দেখার অপেক্ষায় ছিল ফুটবল বিশ্ব। তবে লড়াইটা হয়েছে একতরফা। ‘কে’ গ্রুপ রাউন্ড থেকে চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অব ৩২-এ আসা কলাম্বিয়ার পরিকল্পিত ফুটবলের সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি আফ্রিকার দল ঘানা। ৪-৩-৩ ফরমেশনে অধিকাংশ সময় বলের নিয়ন্ত্রন নিয়ে ১-০ গোলে জিতে শেষ ষোলতে উঠেছে কলাম্বিয়া। ২০২২ কাতার বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ কলাম্বিয়া এক আসর পর বিশ্বকাপে ফিরে রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নিয়েছে। ২০১৮-এর মতো এবারও বিশ্বকাপে শেষ ষোলতে উঠল কলাম্বিয়া। আগামী ৮ জুলাই সুইজারল্যান্ডের বিপক্ষে রাউন্ড অব সিক্সটিনে অবতীর্ন হবে কলাম্বিয়া।
মরক্কো, মিশরের পর তৃতীয় আফ্রিকান দেশ হিসেবে রাউন্ড অব সিক্সটিনে ঘানাকে নিয়ে ভবিষ্যদ্বানী করেছেন যারা, তাঁরা হতাশ হয়েছেন। ৪-১-৪-১ ফরমেশনে শুরু থেকে লো ব্যাক ডিফেন্স স্ট্র্যাটেজীতে ঘানার কৌশলকে কার্যকরী হতে দেয়নি কলাম্বিয়া। কানসাস স্টেডিয়াম ভর্তি দর্শকের সমর্থন দিয়েছে দলটিকে বাড়তি প্রেরণা। তাতেই ঘরের মাঠের উত্তাপ নিয়ে শুরু থেকে আক্রমনাত্মক ফুটবল খেলেছে কলাম্বিয়া। বল দখলের লড়াইয়ে ৬১% নিয়ন্ত্রন নিয়ে টার্গেটে নিয়েছে ৭টি শট। তবে কেপ ভার্দের গোলরক্ষক ভোজেনিয়ার মতো ঘানা গোলরক্ষক আতি-জিগি পাহাড় হয়ে দাঁড়িয়েছেন। একটি-দুটি নয়, ৬টি শট ঠেকিয়েছেন এই গোলরক্ষক। তাতেই বড় জয়ের আশা ছেড়ে দিতে হয়েছে কলাম্বিয়াকে।
খেলার ৮ম মিনিটে কলাম্বিয়া ফরোয়ার্ড জন কর্ডোবার চোটের কারণে লুইস সুয়ারেজকে মাঠে নামিয়েই সুফল পান কলাম্বিয়া কোচ। মাঠে নামার ৬ মিনিট পর এই বদলি খেলোয়াড়ের দেয়া ক্রসেই গোল পোস্টে অরক্ষিত জন আরিয়াস বল পেয়ে যান। খেলার ১৪তম মিনিটে প্রাপ্ত এমন সুযোগ সদ্বব্যহার করেছেন আরিয়াস (১-০)।
প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছে কলাম্বিয়া একাধিকবার। খেলার ৩৮ মিনিটের মাথায় বায়ার্ন মিউনিখের উইঙ্গার লুইস দিয়াজ দারুণ সুযোগ হাতছাড়া করেছেন। ফাঁকা পোষ্ট পেয়েও মেরেছেন তিনি গোল পোষ্টের বাইরে শট। প্রথমার্ধের ইনজুরি টাইমের প্রথম মিনিটে মুনোজ-এর নেয়া শট থেকে মোজিকা লাফিয়ে উঠে বাউন্সের ওপর একটি জোরালো শট মেরেছিলেন। অবধারিত সেই গোল ঘানার গোলরক্ষক আতি-জিগি ডানদিকে ঝাঁপিয়ে পড়ে বিপদমুক্ত করেন।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে কলাম্বিয়া ব্যবধান বাড়ানোর উপর্যুপরি চেষ্টা করে। খেলার ৫৬তম মিনিটে লুইস দিয়াজের গোল উৎসব থেমে যায় সহকারী রেফারির অফসাইডের পতাকায়। তার এক মিনিট পর লুইস দিয়াজের শট ঘানার গোলরক্ষক লরেন্স আতি জিগির দারুণভাবে সেভ করেন।
খেলার ৮৪ মিনিটের মাথায় মাঝমাঠে বল পেয়ে হুয়ান কুইন্তেরো বিনা বাধায় ঘানার সীমানায় ঢুকে প্রায় ২৫ গজ দূর থেকে শট নিয়েছিলেন, কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় সেই শটটি। ফলে ১-০ গোলে জয়ের সন্তুষ্টি নিয়ে শেষ ষোলতে উঠল কলাম্বিয়া।


























ইউক্রেনের কস্তিয়ানতিনিভকা শহর দখলের দাবি রাশিয়ার