দেশে ঝড়ের সতর্কতা, পরিস্থিতি উন্নতির পূর্বাভাস
- আপডেট সময় : ০২:২০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / 18
দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তবে দক্ষিণাঞ্চলে বৃষ্টির তীব্রতা কমে এসেছে। পাহাড় ধস বা নতুন করে জলোচ্ছ্বাসেরও কোনো পূর্বাভাস নেই। আগামী এক থেকে দুই দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার (১১ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার দেওয়া সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত অনেকটাই কমে এসেছে। তবে আগামী তিন থেকে চার দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে। ঢাকায় স্বাভাবিক বর্ষাকালীন হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও অতিভারী বর্ষণের সম্ভাবনা নেই বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ভারতের উজান এলাকায় অতিভারী বৃষ্টি না থাকায় নদীর পানি বিপজ্জনকভাবে বাড়ার আশঙ্কাও কম। এ ছাড়া সমুদ্রবন্দরে থাকা ৩ নম্বর সতর্কসংকেত আজ সন্ধ্যা পর্যন্ত বহাল থাকতে পারে এবং পরে তা তুলে নেওয়া হতে পারে। ছোট ছোট মাছ ধরার নৌকা ও ট্রলারকে সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করার পরামর্শ দেন আবহাওয়াবিদ।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, গত কয়েক দিনের তুলনায় দক্ষিণাঞ্চলে বৃষ্টি অনেকটাই কমে এসেছে। বান্দরবানের লামায় ১০৬ মিলিমিটার এবং চট্টগ্রামে ১০০ মিলিমিটারের কম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা আগের দিনের চেয়ে কম। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এই অঞ্চলে বৃষ্টি আরও কমে যাবে।





















চট্টগ্রাম অঞ্চলে বন্যা-পাহাড়ধসে ৬ দিনে ৪৩ প্রাণহানি