দেশজুড়ে বৃষ্টিপাত জুলাই মাসে অব্যাহত থাকবে
- আপডেট সময় : ০১:২৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / 35
মৌসুমি বায়ুর সক্রিয়তায় দেশে গত কয়েকদিন ধরে অতিভারী বৃষ্টি হচ্ছে। রাজধানীসহ দেশজুড়ে বৃষ্টিপাত পুরো জুলাই মাস অব্যাহত থাকবে। মঙ্গল ও বুধবার বৃষ্টি কিছুটা কমলেও বৃহস্পতিবার থেকে তা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে। সোমবার (১৩ জুলাই) ঢাকা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানিয়েছেন।
গত কয়েক দিন ধরে চলা টানা ও ভারী বর্ষণে দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। অতিভারী বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এবং প্রাণহানির ঘটনা ঘটছে। অন্যদিকে রাজধানী ঢাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা, যা নগরজীবনকে স্থবির করে তুলেছে। সার্বিক এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জনমনে যখন চরম শঙ্কা বিরাজ করছে, ঠিক তখনই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে, বৃষ্টিপাতের এই প্রবণতা থেকে এখনই কোনো স্বস্তি মিলছে না। সোমবার দেশের বিভিন্ন স্থানে ফের ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে সোমবার (১৩ জুলাই) সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে সাংবাদিকদের তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। চলতি মৌসুমে ২৪ ঘণ্টায় এটিই সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।
টানা ভারী বর্ষণের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বাসা থেকে কর্মস্থলে যাতায়াতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। অনেক সড়কে যানবাহন ধীরগতিতে চলায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে সোমবার সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
এদিকে পাউবোর তথ্য অনুযায়ী, বর্তমানে সুরমা নদীর সুনামগঞ্জের ছাতক পয়েন্টে পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ২৭ সেন্টিমিটার এবং সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া সোমেশ্বরী নদীর নেত্রকোণার কলমাকান্দা পয়েন্টে পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপরে রয়েছে।
সকাল ৯টার তথ্য অনুযায়ী, পর্যবেক্ষণাধীন ১২৭টি স্টেশনের মধ্যে ৮০টিতে পানি বৃদ্ধি পেয়েছে, ৪৪টিতে কমেছে, দুটি স্টেশনে অপরিবর্তিত রয়েছে এবং একটি স্টেশনের তথ্য সংগ্রহ প্রক্রিয়াধীন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ভারতের মেঘালয়ের মাওকিরওয়াত এলাকায় সর্বোচ্চ ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ২০৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে জামালপুরে।
এদিকে, দেশের উজান ও অভ্যন্তরে অতিভারী বর্ষণের কারণে সুরমা নদীর সিলেটের কানাইঘাট, সিলেট সদর ও সুনামগঞ্জ স্টেশন, তিস্তা নদীর নীলফামারীর ডালিয়া ও রংপুরের কাউনিয়া পয়েন্ট এবং মুহুরী নদীর ফেনীর হরিপুর স্টেশনে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে।
এদিকে, টানা বর্ষণ ও বন্যায় এরই মধ্যে দেশের অন্তত ছয়টি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া বিভিন্ন দুর্ঘটনা ও বন্যাসংশ্লিষ্ট ঘটনায় প্রায় ৫১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বুধবার (১৫ জুলাই) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শুক্রবার (১৭ জুলাই) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।





















গঙ্গা চুক্তি নবায়নে ঢাকার সঙ্গে আলোচনার তাগিদ ভারতের