সবজির দামে ঊর্ধ্বগতি, কাঁচা মরিচ ২৮০ টাকা কেজি
- আপডেট সময় : ০১:৪৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / 6
টানা কয়েক দিনের বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অধিকাংশ সবজি এখন ১০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। এর মধ্যে কাঁচা মরিচের দাম বেড়ে প্রতি কেজি ২৮০ টাকায় পৌঁছেছে।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এসব কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারগুলোতে করলা প্রতিকেজি ১০০ থেকে ১২০ টাকা, ঢেঁড়স ৮০ থেকে ১০০ টাকা, পটল প্রকারভেদে ৮০ থেকে ১০০ টাকা, কচুরমুখী ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা, বেগুন প্রকারান্তরে কেজিতে ২০ টাকা বেড়ে ১২০ থেকে ১৬০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, সাজনা ১৮০ থেকে ২০০ টাকা, ধুন্দল হাইব্রিড ৮০ টাকা, টমেটো প্রকারভেদে ১৮০ থেকে ২২০ টাকা, মুলা ৭০ টাকা, ফুল কপি প্রতিপিস ৬০ থেকে ৮০ টাকা, বাঁধা কপি ৬০ টাকা ও লাউ ৮০ থেকে ১০০ টাকা পিস বিক্রি হচ্ছে।
সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচা মরিচের। বিভিন্ন বাজারে প্রতি কেজি ২৮০ টাকা, কোথাও কোথাও ৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। পেঁপে ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, দেশি শসা ১৬০ টাকা ও হাইব্রিড ১০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।
এসব বাজারে লাল শাক আঁটিতে ১০ টাকা বেড়ে ২৫ টাকা, লাউ শাক আঁটি ৫০ টাকা, কলমি শাক ২ আঁটি ৪০ টাকা, পুঁই শাক ৪০ টাকা ও ডাটা শাক দুই আঁটি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে আলু ৩০ টাকা, দেশি পেঁয়াজ কেজিতে ১০ টাকা বেড়ে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।
এদিকে বাজারগুলোতে এক হালি লেবু ১৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি ধনেপাতা ৩০০ টাকা, হাইব্রিড ধনেপাতা ২২০ কেজি, কাঁচা কলা হালি বিক্রি হচ্ছে ৪০ টাকা, চাল কুমড়া ৬০ থেকে ৮০ টাকা পিস ও ক্যাপসিকাম ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ফকিরাপুল বাজারে কথা হয় খায়রুল হকের সাথে তিনি বলেন, গত কয়েক দিন ধরেই সবজির দাম বাড়ছিল, তবে আজ আরও বেড়েছে। বাজারে ১০০ টাকার নিচে প্রায় কোনো সবজি নেই।
ক্রেতা রিয়া ইসলাম জানান, কয়েক দিন আগেও অনেক সবজি ৮০ থেকে ১০০ টাকার মধ্যে পাওয়া যেত। এখন বেশির ভাগ সবজির দাম ১০০ থেকে ১৬০ টাকার মধ্যে। সবজির এমন দামে সাধারণ মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
একই রকম অভিযোগ জানিয়ে রামপুরা বাজারের আরেক ক্রেতা মাসুদ রানা বলেন, গত কিছুদিন তাও ৮০ থেকে ১০০ টাকার মধ্যে সবজিগুলো ছিল। আজকের বাজারে বেশিরভাগ সবজি ১০০ থেকে ১৬০ টাকা। সবজিই যদি এত বেশি দামে কিনে খেতে হয়, তাহলে মাছ, মাংস আর মুরগি কীভাবে কিনব? সেগুলোর তো আরও বেশি দাম।
শান্তিনগর বাজারের সবজি বিক্রেতা নাজিমুদ্দিন বলেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় সবজির উৎপাদন ও সরবরাহ ব্যাহত হয়েছে। পাইকারি বাজারে সরবরাহ কমে যাওয়ায় খুচরা বাজারেও দাম বেড়েছে। বৃষ্টির প্রভাব অব্যাহত থাকলে দাম আরও কিছুদিন বাড়তি থাকতে পারে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে বাজারও স্থিতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এসব বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের চেয়ে সব ধরনের মুরগির দাম কেজিতে ১০ থেকে টাকা বেড়েছে। সোনালি কক মুরগি কেজিতে ১০ টাকা বেড়ে ৩৫০ টাকা ও সোনালি হাইব্রিড মুরগি ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল লেয়ার ৩৬০ টাকা, ব্রয়লার ১৮০ থেকে ১৯০ টাকা ও দেশি মুরগি ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এসব বাজারে এক ডজন মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে ১৩৫ টাকা, হাঁসের ডিম এক ডজন ১৮০ টাকা, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা ও সোনালি কক মুরগির ডিমের হালি ৭০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
ব্রয়লার মুরগি কিনেছেন আতাউর রহমান ও তার স্ত্রী। তারা জানান, ব্রয়লার আজকে ১৯০ টাকা কেজি কিনেছেন। গত মাসে মুরগির দাম কম ছিল। আজকে তো কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা বেশি মনে হচ্ছে।
বাজারগুলোতে গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং খাসির মাংস ১৩০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়।
এসব বাজারে ইলিশ ৩০০ গ্রাম ওজনের ১ কেজি মাছ ১২০০ টাকা থেকে ১৩০০, ৫০০ থেকে ৭০০ গ্রামের ইলিশ ২০০০ থেকে ২২০০ টাকা ও ১ কেজি ওজনের ইলিশ ৩২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
রায়েরবাজারের ইদ্রিস মিয়া বলেন, এই সপ্তাহে চাষের মাছের দাম বেড়েছে। বাজারে মাছ কম আসছে। এ কারণে কিছু মাছের দাম বেশি। বাজারগুলোতে এক কেজি শিং মাছ চাষের (আকারভেদে) বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৬০০ টাকা, দেশি শিং ১২০০ থেকে ১৪০০ টাকা, প্রতিকেজি রুই মাছের দাম বেড়ে (আকারভেদে) ৪০০ থেকে ৫৫০ টাকা, দেশি মাগুর ৯০০ থেকে ১২০০ টাকা , মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকা, চাষের পাঙ্গাস ১৮০ থেকে ২০০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১৪০০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকা, বড় কাতল ৪০০ থেকে ৫৫০ টাকা, পোয়া ৩৫০ থেকে ৪০০ টাকা, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, কই ২০০ থেকে ২২০ টাকা, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১৪০০ টাকা, টেংরা ৫০০ থেকে ৮০০ টাকা, কাচকি মাছ ৪০০ টাকা ও পাঁচ মিশালি মাছ ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আক্তারুজ্জামান নামে এক ক্রেতা বলেন, আমরা কী খাবো? সব কিছুর দাম তো বাড়ছে। বৃষ্টির কারণে বেড়েছে সবজির দাম। মাছের দাম বাড়াটা হয়ত বুঝা যায় না। কিন্তু ১০ টাকা হলেও বেড়েছে। দাম বাড়লেও আমাদের খেতে হবে।





















জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: বাণিজ্যমন্ত্রী