একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার: রিজভী
- আপডেট সময় : ০৩:০১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / 8
গুম-খুন, অরাজকতা ও মেগা দুর্নীতির একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশ পুনর্গঠনের কাজ করছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি বলেন, একটি ভগ্নস্তূপের উপর দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন সরকার বা তার জোটের সরকার প্রতিষ্ঠিত হয়ে দেশ গড়ার কাজ করছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস (১৮০ দিন) পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, চারদিকে ছিল অরাজকতা, নৈরাজ্যের এক ধূসর পরিবেশ। কে কখন গুম হয়ে যাবে, কে কখন অদৃশ্য হবে—তার কোনো ইয়ত্তা ছিল না। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বিচারবহির্ভূত হত্যা লেগেই ছিল। সরকারের ভিন্নমত পোষণ করলেই খাল, নদী বা পুকুরধারে প্রতিদিন লাশ পাওয়া যেত। একজন সাবেক এমপিকে নৌকার মধ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই নৈরাজ্যের ঘন অন্ধকারের মধ্যে ব্যাপক আন্দোলনের মধ্য দিয়ে আমরা ৫ আগস্টের পরিবর্তন পেয়েছি।
বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসে সরকার রাষ্ট্র পরিচালনা করছে। নির্বাচনের প্রাক্কালে তারেক রহমান যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতা গ্রহণের দ্বিতীয় দিন থেকেই তিনি তার কর্মযজ্ঞ শুরু করেছেন।
রিজভী আরও বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণসহ নানাবিধ কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি প্রতিশ্রুতি বাস্তবায়ন অব্যাহত রেখেছেন। দুর্যোগ ও আন্তর্জাতিক নানা ঘটনাপ্রবাহ উন্নয়নের গতিতে কিছুটা বাধা সৃষ্টি করলেও সরকার তা অতিক্রম করে জনগণের স্বস্তি ও কল্যাণে কাজ করে যাচ্ছে। সামাজিক সুরক্ষা, অবকাঠামো উন্নয়ন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য-প্রত্যেকটি ক্ষেত্রে প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা চলছে।























একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার: রিজভী