মির্জা ফখরুলের পারিবারিক শেকড়ের গল্প
- আপডেট সময় : ০১:৩৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / 10
বাংলাদেশের রাজনীতিতে একটি অতিপরিচিত নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনকারী এই হেভিওয়েট নেতা বর্তমানে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে নতুন করে আলোচনায় এসেছেন। রাষ্ট্রপতি পদে তাঁর মনোনয়ন ঘিরে যখন জাতীয় রাজনীতিতে আলোচনা তুঙ্গে তখন সামনে এসেছে তাঁর পারিবারিক শেকড়ের গল্প।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামের সঙ্গে জড়িয়ে আছে ঠাকুরগাঁও জেলার নাম। কিন্তু তার জন্ম ও বেড়ে ওঠা ঠাকুরগাঁওয়ে হলেও অনেকেই জানেন না পৈতৃক শেকড়ের গল্প।
মির্জা ফখরুলের পৈতৃক নিবাস পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে। তাঁর বাবা মির্জা রুহুল আমীন ও চাচা মির্জা গোলাম হাফিজের জন্ম এই মির্জাপুরেই।
মির্জাপুর একটি গ্রামের নাম। এই নামেই নামকরণ হয় মির্জাপুর ইউনিয়নের। ফলে মির্জাপুর ইউনিয়নের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক মির্জা পরিবারের। এই গ্রামের সভ্রান্ত মির্জা পরিবারে জন্মগ্রহণ করেন মির্জা ফখরুলের বাবা মির্জা রুহুল আমীন। স্থানীয়ভাবে তিনি ‘চোখা মিয়া’ নামে পরিচিত ছিলেন। শিক্ষকতা ও আইন পেশার পাশাপাশি রাজনীতিতে যুক্ত হয়ে তিনি বৃহত্তর উত্তরাঞ্চলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে জাতীয় রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি।
মির্জা রুহুল আমীনের ভাই মির্জা গোলাম হাফিজও ছিলেন জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ১৯২০ সালের ২ জানুয়ারি মির্জাপুর গ্রামে জন্ম নেয়া মির্জা গোলাম হাফিজ আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে রাজনীতিতে যুক্ত হয়ে ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ভূমি প্রশাসক মন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
একই পরিবারের দুই ভাইয়ের জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান ছিল। একজন জাতীয় সংসদের স্পিকার ও মন্ত্রী হয়েছেন। অন্যজনও ছিলেন সংসদ সদস্য ও মন্ত্রী। সেই পরিবারের পরবর্তী প্রজন্মের মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে বিএনপি’র শীর্ষ নেতৃত্বে উঠে আসেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব, শিক্ষা জীবন ও বেড়ে ওঠা মূলত ঠাকুরগাঁওকে ঘিরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়াশোনা শেষে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন তিনি। বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করার পর সক্রিয় রাজনীতিতে যুক্ত হন।
১৯৭৯ সালে তিনি তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস এ বারির ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর বিএনপি’র রাজনীতিতে সক্রিয় হয়ে ধাপে ধাপে দলের গুরুত্বপূর্ণ নেতৃত্বে উঠে আসেন। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে কৃষি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
ছাত্র রাজনীতি ও গণঅভ্যুত্থান: আন্দোলনের পাঠশালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি সক্রিয়ভাবে ছাত্ররাজনীতিতে যুক্ত হন। তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের (বর্তমান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন) সঙ্গে যুক্ত থেকে সংগঠনের এস.এম. হল শাখার সাধারণ সম্পাদক ও পরে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচিত হন। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের উত্তাল সময়ে নেতৃত্বের ভূমিকায় থেকে তিনি রাজনীতির কঠিন বাস্তবতার সঙ্গে প্রত্যক্ষভাবে পরিচিত হন। তার বক্তৃতার ভঙ্গি ছিল যুক্তিনির্ভর, সংযত এবং আবেগঘন—যা পরবর্তীতে তার রাজনৈতিক পরিচয়ের অন্যতম বৈশিষ্ট্যে পরিণত হয়।
মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকা: আদর্শের ভিত
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি সক্রিয়ভাবে স্বাধীনতার পক্ষে অবস্থান নেন এবং সংগঠক ও যোদ্ধা দুই ভূমিকাতেই ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্ন তার রাজনৈতিক দর্শনের ভিত্তি হয়ে ওঠে এই সময় থেকেই। স্বাধীনতার সংগ্রাম তার জীবনে কেবল একটি অধ্যায় নয়; বরং আদর্শিক ভিত্তি।
শিক্ষকতা থেকে জাতীয় রাজনীতি
স্বাধীনতার পর ১৯৭২ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে যোগ দেন এবং ঢাকা কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেন। তিনি পরিদর্শন ও আয়-ব্যয় পরীক্ষণ অধিদপ্তরেও দায়িত্ব পালন করেন। ১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাসনামলে তৎকালীন উপ-প্রধানমন্ত্রী এস. এ. বারীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে তিনি আবার শিক্ষকতায় ফিরে যান এবং ঠাকুরগাঁও সরকারি কলেজে অধ্যাপনা করেন।
সক্রিয় রাজনীতিতে প্রবেশ ও পৌর নেতৃত্ব
১৯৮৬ সালে শিক্ষকতা থেকে অব্যাহতি নিয়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। সামরিক শাসনবিরোধী আন্দোলনের সময় তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে। ১৯৯২ সালে তিনি বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নির্বাচিত হন এবং একইসঙ্গে কৃষকদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
সংসদ নির্বাচন, জয়-পরাজয় ও মন্ত্রীত্ব
১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয়লাভ করতে পারেননি। তবে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া–র মন্ত্রিসভায় প্রথমে কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে নির্বাচনে পরাজিত হলেও তিনি দলীয় রাজনীতিতে সক্রিয় থাকেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে নির্বাচিত হলেও শপথ গ্রহণ না করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। সাম্প্রতিক ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন—যা তার রাজনৈতিক জীবনে নতুন মাত্রা যোগ করেছে।
বিএনপির মহাসচিব হিসেবে নেতৃত্ব
২০০৯ সালে বিএনপির পঞ্চম জাতীয় সম্মেলনে তিনি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। ২০১১ সালে তৎকালীন মহাসচিব খন্দকার দেলওয়ার হোসেনের মৃত্যুর পর দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া তাকে ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা করেন। ২০১৬ সালের ষষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচিত হন। দলের কঠিন সময় গ্রেপ্তার, মামলা, আন্দোলন, সাংগঠনিক সংকট সবকিছুর মধ্যেও তিনি সংযত কণ্ঠে দলকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছেন। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালসহ বিভিন্ন রাজনৈতিক দাবিতে তিনি একাধিক কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন।
ব্যক্তিগত জীবন ও পারিবারিক ঐতিহ্য
ব্যক্তিগত জীবনে তিনি রাহাত আরা বেগমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই কন্যা রয়েছে। পরিবারেও রয়েছে সমৃদ্ধ রাজনৈতিক ঐতিহ্য। তার চাচা মির্জা গোলাম হাফিজ ছিলেন বিএনপি নেতা, সাবেক মন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার।
রাজনৈতিক দর্শন ও ব্যক্তিত্ব
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনেকেই “ভদ্র রাজনীতির প্রতীক” বলে উল্লেখ করেন। তার ভাষা আক্রমণাত্মক নয়, কিন্তু অবস্থান দৃঢ়। তিনি সংসদীয় গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের পক্ষে সোচ্চার। বিরোধী রাজনীতির কঠিন বাস্তবতায় থেকেও সহিংসতার বদলে রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দেওয়াই তার কৌশলগত বৈশিষ্ট্য। ধৈর্য, সহনশীলতা ও সাংগঠনিক দক্ষতা তার রাজনৈতিক জীবনের প্রধান শক্তি।
ঠাকুরগাঁওয়ের মাটি থেকে উঠে আসা এক ছাত্রনেতা থেকে জাতীয় রাজনীতির কেন্দ্রীয় নেতৃত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর জীবন কেবল একজন রাজনীতিকের জীবনী নয়; এটি সংগ্রাম, আদর্শ, ত্যাগ ও নীরব দৃঢ়তার দীর্ঘ পথচলার দলিল। মুক্তিযুদ্ধের চেতনা, ছাত্ররাজনীতির অভিজ্ঞতা, সংসদীয় রাজনীতির সাফল্য-ব্যর্থতা এবং দলীয় সংকটের সময়ে স্থির নেতৃত্ব—সব মিলিয়ে তিনি বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ও আলোচিত অধ্যায় হয়ে আছেন।





















জাহাজ ভাঙা শিল্পে বছরে কোটি টনের রিসাইক্লিং, বাড়ছে প্রাণহানি