ঢাকায় চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
- আপডেট সময় : ১১:২৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / 6
বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস। আগামী ২ সেপ্টেম্বর রাজধানীর বনানীতে এ কেন্দ্রের কার্যক্রম শুরু হবে।
নতুন কেন্দ্র চালুর সঙ্গে সাধারণ ভিসার আবেদন ও পাসপোর্ট সংগ্রহের পদ্ধতিতেও পরিবর্তন আনা হচ্ছে। দূতাবাস জানিয়েছে, কেন্দ্রটি চালুর পর থেকে সাধারণ ভিসা ও পাসপোর্ট সংগ্রহসংক্রান্ত সব আবেদন কেবল ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমেই গ্রহণ ও প্রক্রিয়াজাত করা হবে।
তবে কূটনৈতিক ও অফিসিয়াল ভিসার ক্ষেত্রে বর্তমান ব্যবস্থা অপরিবর্তিত থাকবে। কূটনৈতিক নোটের ভিত্তিতে এসব ভিসার আবেদন গ্রহণ, পাসপোর্ট সংগ্রহ ও ভিসা ইস্যুর কার্যক্রম সরাসরি দূতাবাস থেকেই সম্পন্ন হবে।
নতুন কোরিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ঠিকানা: ২ এফ, বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ার, প্লট-৮০, ব্লক-বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ঢাকা-১২১৩।
দূতাবাস জানিয়েছে, নতুন কেন্দ্রে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের সুবিধা থাকবে। কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং কবে থেকে এ সুবিধা চালু হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য ২৭ আগস্ট পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এদিকে নোটারাইজেশন ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসংক্রান্ত সেবা আগের নিয়মেই দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে দেওয়া হবে।
ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম শুরুর সময়, সেবার সময়সূচি, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের নিয়ম, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় নথিপত্র, ফি এবং কেন্দ্র পরিচালনার অন্যান্য বিষয় পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে বলে দূতাবাস জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার ভিসা প্রত্যাশীদের নতুন আবেদন কেন্দ্রসংক্রান্ত পরবর্তী নির্দেশনা ও ঘোষণা নিয়মিত অনুসরণ করার পরামর্শ দিয়েছে দূতাবাস।
দূতাবাসের আশা, পৃথক ভিসা আবেদন কেন্দ্র চালু হলে আবেদনকারীদের ভোগান্তি কমবে এবং ভিসাসংক্রান্ত সেবায় আরও সহজ, সুশৃঙ্খল ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত হবে।
























নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক