১৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী বোনের জুটি ফিরছেন ইউএস ওপেনে
- আপডেট সময় : ০১:২০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / 4
টেনিস প্রেমিদের জন্য দারুণ খবরই বটে। প্রায় চার বছর পর ইউএস ওপেনে আবারও একসঙ্গে দেখা যাবে সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামসকে। বোনদের কিংবদন্তি এই জুটির নারী দ্বৈত ইভেন্টে ওয়াইল্ড কার্ড পাওয়ার কথা নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
একসঙ্গে ১৪টি গ্র্যান্ড স্ল্যাম দ্বৈত শিরোপা জেতা সেরেনা-ভেনাস জুটির জন্য এটি হবে ইউএস ওপেনে নবমবারের মতো একসঙ্গে ডাবলস ড্রয়ে অংশ নেওয়া। সবশেষ তারা নিউইয়র্কে একসঙ্গে খেলেছিলেন ২০২২ সালে।
ইউএস ওপেনে এর আগে দুবার শিরোপাও জিতেছেন তারা—১৯৯৯ ও ২০০৯ সালে। এবার দীর্ঘ বিরতির পর আবারও নিজেদের প্রিয় মঞ্চে ফিরছেন দুই বোন।
গত সপ্তাহেই সিনসিনাটি ওপেনে প্রায় চার বছর পর আবার জুটি বেঁধে প্রতিযোগিতামূলক টেনিসে ফিরেছিলেন ভেনাস ও সেরেনা। সেই প্রত্যাবর্তনের ধারাবাহিকতায় এবার ইউএস ওপেনেও একসঙ্গে কোর্টে নামবেন।
৪৪ বছর বয়সী সেরেনা ২০২২ ইউএস ওপেনের পর টেনিস থেকে দূরে সরে গিয়েছিলেন। এরপর গত জুনে আবার প্রতিযোগিতামূলক টেনিসে ফেরেন। তবে এবারের ইউএস ওপেনে শুধু দ্বৈত ইভেন্টেই খেলবেন ২৩টি গ্র্যান্ড স্ল্যাম এককের মালিক।
মঙ্গলবার কার্লোস আলকারাজকে সঙ্গে নিয়ে মিক্সড ডাবলসেও খেলেছেন সেরেনা। কোয়ার্টার ফাইনালে অবশ্য বেলিন্ডা বেনচিচ ও ফ্লাভিও কোবোলির কাছে হেরে বিদায় নেন তারা।
৪৬ বছর বয়সী ভেনাস ইউএস ওপেনের একক ইভেন্টেও খেলবেন। সিঙ্গেলস ড্রয়ে তিনি ওয়াইল্ড কার্ড পেয়েছেন।
সেরেনা-ভেনাসের ইউএস ওপেনে ফেরার পথ অবশ্য মসৃণ ছিল না। জুলাইয়ে উইম্বলডনে একসঙ্গে খেলার কথা থাকলেও সেরেনা প্রথম রাউন্ডের একক ম্যাচে হাঁটুতে চোট পাওয়ায় তাদের জুটি সেখান থেকে নাম প্রত্যাহার করে।
তবে এবার নিউইয়র্কে সেই অপেক্ষার অবসান হচ্ছে। ইউএস ওপেনের মূল পর্ব শুরু হবে রোববার, আর নারী ডাবলসের শুরু সপ্তাহের শেষ দিকে।






















সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ১২৯ বার পেছালো