জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- আপডেট সময় : ০৩:২০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / 4
সবকিছু ঠিক থাকলে আজ ২৮ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে সেপ্টেম্বরে নির্ধারিত সাদা বলের সিরিজটি আপাতত অনিশ্চয়তায় রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত।
বিসিসিআইয়ের একটি সূত্রের বরাতে এএনআই জানিয়েছে, আগে নির্ধারিত সেপ্টেম্বরের সূচি নিয়ে অনিশ্চয়তা থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী বছরের শুরুর দিকে সিরিজ আয়োজনের জন্য উপযুক্ত সময় খুঁজছে।
বিসিসিআইয়ের ওই সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে। অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে একটি উপযুক্ত সময় খুঁজছে।’
২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। পরে সিরিজটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে বিসিবি ঘোষণা করেছিল, ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। তবে এ সফর নিয়ে বিসিসিআই এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ভারত সিরিজ নিয়ে কথা বলেছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি বলেছিলেন, ‘ভারত সিরিজ নিয়ে আলোচনা হচ্ছে। দুই বোর্ড আলোচনা করছে। তারিখ এদিক-সেদিক হতে পারে।’
প্রসঙ্গত, ২০২২ সালে সবশেষ বাংলাদেশ সফর করেছিল ভারতীয় ক্রিকেট দল। এরপর বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশের মাটিতে ভারতের নির্ধারিত সিরিজটি পিছিয়ে দেওয়া হয়।
চলতি বছরের শুরুর দিকে বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে নতুন আলোচনা শুরু হয়। বাংলাদেশও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি।
তবে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা দেখা দেয়। বিসিবি ও বিসিসিআইয়ের বোঝাপড়ায় সেপ্টেম্বরে সিরিজ আয়োজনের সম্ভাবনাও তৈরি হয়েছিল। তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবিও এ বিষয়ে ইতিবাচক অবস্থান দেখিয়ে আসছিল। যদিও এখন নতুন করে সিরিজের সময়সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।





















আন্তর্জাতিক বাজারে আরও কমলো স্বর্ণের দাম