ইয়ামালের জোড়া গোলে বার্সার বড় জয়
- আপডেট সময় : ১২:০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / 7
লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে বার্সেলোনা। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে ৫–২ গোলে জেতার ম্যাচে জোড়া গোল করেছেন লামিনে ইয়ামাল ও রাফিনিয়া। এই জয়ের পথে আরও একটি বড় কীর্তি গড়েছেন ইয়ামাল; বার্সেলোনার হয়ে ৫০ গোলের মাইলফলক ছুঁয়ে ক্লাবটির ৯১ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন স্প্যানিশ এই তরুণ উইঙ্গার। প্রতিবেদন গোল ডটকমের।
রায়োর মাঠে শুরুটা অবশ্য বার্সার জন্য ভালো ছিল না। ম্যাচের ১২ মিনিটে আলভারো গার্সিয়ার পাস থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন সার্জিও কামেয়ো। তবে পিছিয়ে পড়ার পর দ্রুতই ম্যাচে ফিরতে শুরু করে বার্সেলোনা।
১৯ মিনিটে জাভি এসপার্টের পাস থেকে গোল করে সমতা ফেরান রাফিনিয়া। মাত্র দুই মিনিট পরই ব্যবধান বাড়ান ইয়ামাল। মার্ক বার্নালের পাস থেকে ২১ মিনিটে গোলটি করেন তিনি। চলতি মৌসুমে এটিই ছিল ইয়ামালের প্রথম গোল।
তবে গোলটি শুধু ম্যাচের মোড়ই ঘোরায়নি, ইয়ামালকে তুলে দিয়েছে ইতিহাসের পাতায়। ১৯ বছর ৪৯ দিন বয়সে বার্সেলোনার হয়ে ৫০তম গোল পূর্ণ করেন তিনি। এর মধ্য দিয়ে স্পেনে পেশাদার ফুটবলের ইতিহাসে অফিসিয়াল ক্লাব প্রতিযোগিতায় সবচেয়ে কম বয়সে ৫০ গোল করার কীর্তি গড়েন ইয়ামাল।
এর আগে বার্সেলোনার হয়ে এই রেকর্ডটি ছিল প্রয়াত সাবেক ফরোয়ার্ড জোসেফ এসকোলার দখলে। ১৯৩৫ সালের ২০ অক্টোবর কাতালান আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে ২০ বছর ৩৫৬ দিন বয়সে বার্সার হয়ে ৫০তম গোল করেছিলেন এসকোলা। অর্থাৎ প্রায় ৯১ বছর পর তাঁর রেকর্ড ভাঙলেন ইয়ামাল।
স্পেনের অন্য দুই বড় তারকার রেকর্ডও পেছনে ফেলেছেন ইয়ামাল। রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার রাউল গঞ্জালেস ১৯ বছর ২৪৯ দিন বয়সে ৫০ গোলের মাইলফলকে পৌঁছেছিলেন। আর অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে ফার্নান্দো তোরেস এই কীর্তি গড়েছিলেন ২০ বছর ২২১ দিন বয়সে।
দ্বিতীয়ার্ধেও বার্সার আক্রমণের ধার কমেনি। ৫১ মিনিটে ফ্লোরিয়ান লেজেউনের আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ায় বার্সেলোনা। এরপর ৫৯ মিনিটে উনাই লোপেসের পাস থেকে গোল করে রায়োকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন কামেয়ো।
কিন্তু বার্সার আক্রমণভাগের সামনে রায়োর প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি। ৭১ মিনিটে অ্যালেক্স গর্ডনের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনিয়া। এরপর ৮৬ মিনিটে রাফিনিয়ার পাস থেকে ম্যাচের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি করেন ইয়ামাল।শেষ পর্যন্ত ৫–২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
ইয়ামালের কীর্তি অবশ্য এখানেই শেষ নয়। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করা তরুণদের তালিকাতেও তিনি অনন্য। কিলিয়ান এমবাপ্পে ১৯ বছর ২৪১ দিন বয়সে এবং আর্লিং হালান্ড ২০ বছর ১৯৬ দিন বয়সে ৫০ গোল করেছিলেন। বয়সের হিসাবে দুজনকেই ছাড়িয়ে গেছেন ইয়ামাল।
বার্সেলোনার হয়ে লিওনেল মেসি ৫০তম গোলের মাইলফলক ছুঁয়েছিলেন ২১ বছর ১২০ দিন বয়সে। চ্যাম্পিয়নস লিগে বাসেলের বিপক্ষে সেই গোল করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। এবার মেসির বহু আগের রেকর্ডও বয়সের বিচারে ছাড়িয়ে গেলেন বার্সার নতুন প্রজন্মের সবচেয়ে বড় তারকা ইয়ামাল।





















মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী