অবিলম্বে মেজর (অব.) আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের

- আপডেট সময় : ১০:৫০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / 1
সরকারি কাজে বাধা দেয়া ও কর্মকর্তাকে মারধরের ঘটনায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে দলটি।
বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান বৃহস্পতিবার (১ অক্টোবর) পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর তিনি অন্যান্য যাত্রীর মতোই নানা ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার হন। এর প্রতিবাদে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের কাছে হয়রানি বন্ধের দাবি জানান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বিমানবন্দরে যাত্রী হয়রানি ও লাগেজ নিয়ে অসদাচরণের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। পুলিশ নিজেই জানিয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ও অন্যান্য আলামত সংগ্রহ করে তদন্ত করা হবে। অথচ, তদন্তের আগেই বৃহস্পতিবার রাতে আখতারুজ্জামানের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মামলা দায়ের করা হয় এবং সেই মামলায় শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। আমি তার বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
জামায়াতের এই সেক্রেটারি জেনারেল বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা ধরনের অব্যবস্থাপনা ও হয়রানির অভিযোগ রয়েছে। যাত্রীদের অপ্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও দীর্ঘসময় অপেক্ষায় রাখা, অসম্মানজনক আচরণ, লাগেজ নিয়ে হয়রানি, লাগেজ থেকে মূল্যবান সামগ্রী হারানোর অভিযোগ, প্রয়োজনীয় তথ্যের ঘাটতি, এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ঘোরানো এবং নারী, অসুস্থ ও বয়স্ক যাত্রীদের অতিরিক্ত ভোগান্তিসহ বিভিন্ন বিষয়ে যাত্রীদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে।
তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানসহ বহু যাত্রী যে ধরনের ভোগান্তির শিকার হয়েছেন, তার নিরপেক্ষ তদন্ত করতে হবে। সেই সঙ্গে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য আমি সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। সেই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ, সেবার মান নিশ্চিতসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি প্রতিষ্ঠারও দাবি জানাচ্ছি।





















