দাপুটে জয়ে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ

- আপডেট সময় : ১১:৩৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / 1
এশিয়ান গেমস হকিতে নিজেদের শেষটা দারুণভাবে রাঙাল বাংলাদেশ পুরুষ দল। সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে পাত্তাই দেয়নি লাল-সবুজ প্রতিনিধিরা। ৩-০ গোলের দাপুটে জয়ে টুর্নামেন্টে সপ্তম স্থান নিশ্চিত করেই এশিয়ান গেমসের মিশন শেষ করেছে পিটার গেরহার্ডের শিষ্যরা।
শনিবার (৩ অক্টোবর) জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে থাইদের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ।
ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই ফিল্ড গোল থেকে দলকে দুর্দান্ত সূচনা এনে দেন রোমান সরকার। দ্রুততম লিড পেয়ে দলের আত্মবিশ্বাস বেড়ে যায় বহুগুণ। এরপর প্রথম কোয়ার্টার জুড়েই আক্রমণাত্মক হকি খেলে প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যস্ত রাখে লাল-সবুজরা। দ্বিতীয় কোয়ার্টারেও নিজেদের আক্রমণের ধার ধরে রাখে বাংলাদেশ।
যার ফল আসে ম্যাচের ২৭তম মিনিটে। এ সময় আদায় করা পেনাল্টি কর্নার (পিসি) থেকে দারুণ দক্ষতায় বল জালে জড়িয়ে ব্যবধান ২-০ করেন আমিরুল ইসলাম। জোড়া গোলের স্বস্তি নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর ফিরে থাইল্যান্ড ম্যাচে ফেরার চেষ্টা করলেও বাংলাদেশের জমাট রক্ষণের সামনে তারা সুবিধা করতে পারেনি। উল্টো ৫৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে থাইদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আশরাফুল ইসলাম।
ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের একচেটিয়া জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে এশিয়ান গেমসে সপ্তম স্থানে থেকে সন্তোষজনকভাবেই নিজেদের হকি অভিযান শেষ করল বাংলাদেশ।






















