বিশ্বভ্রমণ চাকরিতে, পারিশ্রমিক ১ কোটি ২৩ লাখ টাকা

- আপডেট সময় : ১১:৪২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / 2
বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করে রোমাঞ্চকর অভিজ্ঞতা তুলে ধরার বিনিময়ে ১ লাখ ডলার বা প্রায় ১ কোটি ২৩ লাখ টাকা পারিশ্রমিক দেওয়ার লোভনীয় ঘোষণা দিয়েছে ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসনের প্রতিষ্ঠান ভার্জিন গ্রুপ। ‘হেড অব ইয়েস’ নামের ৬ মাস মেয়াদী এই বিশেষ কনটেন্ট ক্রিয়েটর কর্মসূচিটি শুরু হবে ২০২৭ সালের জানুয়ারিতে।
প্রতিষ্ঠানটি এমন একজনকে খুঁজছে, যিনি নতুন সম্ভাবনাকে স্বাগত জানিয়ে নতুন অভিজ্ঞতা ও রোমাঞ্চকর অভিযানের গল্পগুলো দারুণভাবে মানুষের সামনে তুলে ধরতে পারবেন। তবে এই স্বপ্নের সুযোগ পেতে বড় মাপের ইনফ্লুয়েন্সার বা পেশাদার কনটেন্ট নির্মাতা হওয়ার কোনো প্রয়োজন নেই, এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুলসংখ্যক অনুসারী থাকারও কোনো বাধ্যবাধকতা নেই।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে রিচার্ড ব্র্যানসন এই কর্মসূচির বিস্তারিত জানিয়ে বলেছেন, এটি কোনো লটারির পুরস্কার বা প্রচলিত চাকরি নয়, বরং যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত ব্যক্তির সঙ্গে ভার্জিন রেডের একটি চুক্তি হবে। এই কর্মসূচিতে কেবল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাসিন্দারাই আবেদনের সুযোগ পাবেন।
যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রার্থীর জন্য পারিশ্রমিক হিসেবে বরাদ্দ থাকছে ১ লাখ ডলার এবং যুক্তরাজ্যের প্রার্থীর জন্য ৭৫ হাজার পাউন্ড। নির্বাচিত ব্যক্তিকে বিশ্বের বিভিন্ন স্থানে ভ্রমণ করে ভার্জিন গ্রুপের নানা ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে আনন্দের মুহূর্ত, অপ্রত্যাশিত ঘটনা কিংবা অবিশ্বাস্য অভিজ্ঞতার ছোট ভিডিও, ছবি ও গল্প তৈরি করতে হবে। জীবনে সাহস করে নতুন কিছু করার সিদ্ধান্ত নেওয়া কিংবা কোনো রোমাঞ্চকর অভিযানে সম্মতি দেওয়ার অভিজ্ঞতা আকর্ষণীয়ভাবে তুলে ধরতে পারলেই এখানে কাজের সুযোগ মিলতে পারে।
‘হেড অব ইয়েস’ কর্মসূচিতে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের নিজেদের জীবনের এমন একটি ঘটনা নিয়ে ছোট ভিডিও তৈরি করতে হবে, যেখানে কোনো নতুন সুযোগ বা অভিযানে সম্মতি দেওয়ার সিদ্ধান্ত তাদের জীবনকে বদলে দিয়েছিল। এরপর সেই ভিডিওটি ইনস্টাগ্রাম, ইউটিউব অথবা টিকটকে প্রকাশ করতে হবে।
ভিডিওটি প্রকাশের সময় অবশ্যই #HeadOfYes হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এবং @Virgin অ্যাকাউন্টকে ট্যাগ করতে হবে। ২০২৬ সালের ৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে ২০২৬ সালের ২০ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট (যুক্তরাষ্ট্রের ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম) পর্যন্ত। সব প্রক্রিয়া শেষে নির্বাচিত প্রার্থী ২০২৭ সালের জানুয়ারি থেকে পরবর্তী ছয় মাস বিশ্বভ্রমণ ও রোমাঞ্চকর অভিজ্ঞতার ওপর নিয়মিত কনটেন্ট তৈরির কাজ শুরু করবেন।




















