পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু, শপথ নেবেন কাল

- আপডেট সময় : ০৯:৩৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- / 69
পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে শনিবার (৯ মে) ঐতিহাসিক বিগ্রেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিতে যাচ্ছে ভারতীয় বিজেপির নেতৃত্বাধীন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মেগা অনুষ্ঠানকে কেন্দ্র করে এখন কলকাতা শহরজুড়ে উৎসব চলছে।
শনিবারের এই অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন ভারতের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এ ছাড়াও উপস্থিত থাকবেন বিজেপি শাসিত দেশের ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা। ব্রিগেডে বিশাল মঞ্চ ও প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ এখন শেষ পর্যায়ে।
নতুন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত পশ্চিমবঙ্গ বিধানসভাও। বিধানসভা চত্বরে এখন সংস্কারের ব্যস্ততা তুঙ্গে। সূত্রে জানা গেছে, পুরো বিধানসভা ভবন নতুন করে রং করা হচ্ছে। অধিবেশন কক্ষের চেয়ার-টেবিলে চলছে শেষ মুহূর্তের পালিশ। নতুন মুখ্যমন্ত্রীর জন্য নির্ধারিত কক্ষ থেকে শুরু করে স্পিকার ও হবু মন্ত্রীদের দপ্তরগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাজিয়ে তোলার কাজ প্রায় সম্পন্ন।

























