রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞার ছাড়ের মেয়াদ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র

- আপডেট সময় : ০২:৩৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / 64
রাশিয়ার তেল চালানের ওপর নিষেধাজ্ঞার ছাড়ের মেয়াদ আরও ৩০ দিনের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। চলমান ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকটে থাকা দেশগুলো যাতে কিছুটা স্বস্তি পায়, সেজন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি বলা জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, জ্বালানি নিয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে ট্যাংকারে আটকে থাকা রুশ তেল ও পেট্রোলিয়াম পণ্য সাময়িকভাবে ব্যবহার করা যাবে, যা মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন হিসেবে গণ্য হবে না।
ঘোষণা অনুযায়ী, সমুদ্রপথে রাশিয়ার তেল চালানের ওপর নিষেধাজ্ঞার ছাড়ের মেয়াদ ইস্টার্ন টাইম আগামী ১৭ জুন পর্যন্ত বাড়ানো হবে।
একটি সূত্রের বরাতে জানা যায়, দরিদ্র ও জ্বালানি-নির্ভর দেশগুলোর অনুরোধের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব দেশ হরমুজ প্রণালিতে উত্তেজনা ও সরবরাহ বিঘ্নের কারণে উপসাগরীয় তেল আমদানি করতে পারছে না।
মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট বলেন, এই সিদ্ধান্ত তেল বাজারে স্থিতিশীলতা আনবে এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোতে জ্বালানি পৌঁছাতে সহায়তা করবে। তিনি আরও জানান, প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট লাইসেন্স দেওয়ার বিষয়েও কাজ করবে যুক্তরাষ্ট্র।
তবে এই পদক্ষেপকে ঘিরে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। ডেমোক্র্যাটিক দুই সিনেটর এটিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য ‘অগ্রহণযোগ্য সুবিধা’ হিসেবে আখ্যা দিয়েছেন।
উল্লেখ্য, পূর্বে, বহুবার রাশিয়ার প্রধান তেল কোম্পানিগুলোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তবে, বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ বাড়ায় এবং মূল্যবৃদ্ধি ঠেকাতে দ্বিতীয়বারের মতো এই সাময়িক ছাড় দেওয়া হয়েছে।
























