নাইজেরিয়ায় ১৭ মিলিয়নেরও বেশি মানুষ অনাহারের ঝুঁকিতে: জাতিসংঘ
- আপডেট সময় : ০২:০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / 9
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এক সতর্কবার্তায় জানিয়েছে যে, চলমান সংঘাত, ব্যাপক বাস্তুচ্যুতি এবং মানবিক সহায়তা তহবিলের ঘাটতির কারণে নাইজেরিয়ায় ১৭ মিলিয়নেরও বেশি মানুষ অনাহারের চরম ঝুঁকিতে রয়েছে। ডব্লিউএফপি-র সর্বশেষ খাদ্য নিরাপত্তা বিশ্লেষণে উত্তর নাইজেরিয়ার সংঘাত-কবলিত নয়টি রাজ্যের এই ভয়াবহ চিত্র উঠে এসেছে।
সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়, পূর্ববর্তী মূল্যায়নের তুলনায় বর্তমানে অনাহারের ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা প্রায় ২০ লক্ষ বৃদ্ধি পেয়েছে।
এমতাবস্থায়, উত্তর নাইজেরিয়ায় আগামী ছয় মাসে খাদ্য ও পুষ্টি সহায়তা এবং গুরুত্বপূর্ণ লজিস্টিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য ৮৯ মিলিয়ন মার্কিন ডলার জরুরি তহবিলের প্রয়োজন। বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে যে, পর্যাপ্ত এই তহবিল সংগ্রহে ব্যর্থ হলে এই অঞ্চলে ক্ষুধা ও বাস্তুচ্যুতি আরও বাড়বে এবং অস্থিতিশীলতা তীব্র আকার ধারণ করবে।
বিবৃতিতে বিশেষ করে বোরনো রাজ্যের পরিস্থিতির চরম অবনতির কথা উল্লেখ করা হয়েছে। সেখানে ক্রমাগত সন্ত্রাসী কর্মকাণ্ড, নতুন করে সশস্ত্র হামলা এবং মানবিক সহায়তা কমে যাওয়ায় ৩০ লাখেরও বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছেন। নিরাপত্তাজনিত উদ্বেগ এবং অপর্যাপ্ত তহবিলের কারণে ত্রাণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যার ফলে উত্তর-পূর্বের তিনটি রাজ্যে খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগা ৬২ লক্ষ মানুষের মধ্যে মাত্র প্রায় ৭ লক্ষ ৪০ হাজার জনের কাছে সহায়তা পৌঁছানো সম্ভব হয়েছে।
পশ্চিম ও মধ্য আফ্রিকার জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির আঞ্চলিক পরিচালক কিন্ডে সাম্বা জোর দিয়ে জানান যে, এই সংকট এখন ক্রমশ আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ছে। সশস্ত্র হামলার কারণে মানুষ তাদের কৃষিজমি ছাড়তে বাধ্য হচ্ছে, যা বাস্তুচ্যুতি বাড়ানোর পাশাপাশি মানবিক সংস্থাগুলোর প্রবেশাধিকারও কঠিন করে তুলছে।
উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘যখন মানুষ খাদ্যের যোগান হারায়, তখন বাস্তুচ্যুতি, শোষণ এবং অস্থিতিশীলতার ঝুঁকি বেড়ে যায়। কিন্তু ঠিক যখন সম্পদের সবচেয়ে বেশি প্রয়োজন, তখনই তা সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।’ সূত্র: আনাদোলু



























পে-স্কেলের গ্রেডভিত্তিক তালিকা প্রকাশ, গেজেট চলতি মাসেই