দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার
- আপডেট সময় : ০২:২১:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / 10
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছেলের নিয়োগ ও বিদেশে প্রশিক্ষণে বেআইনিভাবে সহায়তা করার অভিযোগে দেশটির সাবেক নৌবাহিনী প্রধানকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (৩ জুলাই) দেশটির দুর্নীতি দমন কমিশন ৭৩ বছর বয়সী অ্যাডমিরাল অব দ্য ফ্লিট ওয়াসান্থা কারান্নাগোদাকে হেফাজতে নেয়। প্রয়োজনীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও ২০০৬ সালে ইয়োশিতা রাজাপাকসেকে নৌবাহিনীতে নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
২০০৯ সালে শ্রীলঙ্কার কয়েক দশক দীর্ঘ তামিল বিচ্ছিন্নতাবাদী যুদ্ধের অবসানের সময় কারান্নাগোদা নৌবাহিনীর কমান্ডার ছিলেন। ২০১৯ সালে তাকে অ্যাডমিরাল অব দ্য ফ্লিট পদে উন্নীত করা হয়। বর্তমানে নৌবাহিনীতে তার কোনো সক্রিয় ভূমিকা নেই।
অন্যদিকে, যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ডার্টমাউথ নেভাল কলেজে প্রশিক্ষণের জন্য সরকারি তহবিল আত্মসাতের অভিযোগে গত মাসে গ্রেপ্তার হয়েছিলেন ৩৮ বছর বয়সী ইয়োশিতা রাজাপাকসে। বর্তমানে তিনি জামিনে মুক্ত আছেন। দুর্নীতি দমন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, ইয়োশিতা রাজাপাকসের নিয়োগ ও প্রশিক্ষণে দুর্নীতির আশ্রয় নিয়ে অপরাধ করেছেন অ্যাডমিরাল অব দ্য ফ্লিট।
ওয়াসান্থা কারান্নাগোদার বিরুদ্ধে যুদ্ধাপরাধেরও অভিযোগ রয়েছে। গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে ২০২৫ সালের মার্চ মাসে যুক্তরাজ্য তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এ ছাড়া ২০০৮ থেকে ২০০৯ সালের মধ্যে ১১ জন যুবককে হত্যার ষড়যন্ত্রের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
২০২১ সালের অক্টোবরে তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের আমলে কারান্নাগোদার বিরুদ্ধে থাকা এসব অভিযোগ প্রত্যাহার করা হয়েছিল। তবে ২০২৪ সালের সেপ্টেম্বরে দুর্নীতি ও অমীমাংসিত অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট অনূঢ়া কুমার দিশানায়েকের প্রশাসনে এসব মামলা পুনরুজ্জীবিত করা হয়। দিশানায়েকে নির্বাচিত হওয়ার পর থেকে রাজাপাকসে পরিবার ও তাদের সহযোগীদের বিরুদ্ধে থাকা মামলাগুলো নতুন করে গতি পেয়েছে।
২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাবা ক্ষমতায় থাকাকালীন একটি বাড়ি কিনেছিলেন ইয়োশিতা। ওই বাড়ি কেনার টাকার উৎস ব্যাখ্যা করতে ব্যর্থ হওয়ায় তিনি ফৌজদারি মামলারও সম্মুখীন হয়েছেন। তদন্তকারীদের তিনি জানিয়েছিলেন, তার এক দাদির দেওয়া রত্ন বিক্রি করে তিনি ওই টাকা জোগাড় করেছিলেন। তবে ওই নারী রত্নগুলো কোথা থেকে পেয়েছিলেন তা স্মরণ করতে পারেননি।
এছাড়া, ২০১৯ সালের ইস্টার সানডের বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইয়োশিতার চাচা গোটাবায়া রাজাপাকসের ওপর গত মাসে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভয়াবহ ওই হামলায় ২৭৯ জন নিহত হয়েছিলেন। সূত্র: আরব নিউজ



























পে-স্কেলের গ্রেডভিত্তিক তালিকা প্রকাশ, গেজেট চলতি মাসেই