পাকিস্তানে স্বাধীনতা দিবসে গুলি, হতাহত ৯৫
- আপডেট সময় : ০৪:২৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / 13
পাকিস্তানের করাচিতে স্বাধীনতা দিবস উদযাপনের সময় আকাশে গুলি ছোড়ার ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯৪ জন। আহতদের মধ্যে ১৭ শিশু, ১০ নারী ও ৫৯ জন পুরুষ রয়েছেন বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থা এডি ফাউন্ডেশন।
শুক্রবার (১৪ আগস্ট) এডি ফাউন্ডেশনের এক মুখপাত্র এ তথ্য জানান।
তিনি বলেন, স্বাধীনতা দিবস উদযাপনের নামে করাচির বিভিন্ন এলাকায় আকাশে গুলি ছোড়ার সময় এসব হতাহতের ঘটনা ঘটে।
আহতদের করাচির জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টার, সিভিল হাসপাতাল ও আব্বাসি শহীদ হাসপাতালে নেওয়া হয়েছে।
হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী, আব্বাসি শহীদ হাসপাতালে ২৪ জন, জিন্নাহ হাসপাতালে ৩৫ জন এবং সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারে ২৬ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, করাচির লিয়াকত, সদর, কোরাঙ্গি, মালির, আজিজাবাদ, নর্থ নাজিমাবাদ, নাজিমাবাদ, গুলবাহার, গুলশান-ই-ইকবাল, ওরাঙ্গি টাউন, জামশেদ কোয়ার্টারস ও ডিফেন্সসহ বিভিন্ন এলাকায় স্বাধীনতা দিবসের উদযাপনের সময় আকাশে গুলি ছোড়া হয়।
এসব ঘটনায় হতাহতের পাশাপাশি জনমনে আতঙ্কও ছড়িয়ে পড়ে।
এদিকে আকাশে গুলি ছোড়ার অভিযোগে করাচির পূর্ব, পশ্চিম ও কেন্দ্রীয় জেলা থেকে ৩০ জনের বেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উৎসবের সময় আকাশে গুলি ছোড়ার বিরুদ্ধে করাচির বাসিন্দাদের বারবার সতর্ক করে আসছে কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, আকাশে ছোড়া গুলি শেষ পর্যন্ত মাটিতে ফিরে এসে নিরীহ মানুষকে গুরুতর আহত কিংবা নিহত করতে পারে।
স্বাধীনতা দিবসের উদযাপনে করাচিতে আকাশে গুলি ছোড়ার ঘটনা নতুন নয়। গত বছর, অর্থাৎ ২০২৫ সালে একই ধরনের ঘটনায় তিনজন নিহত এবং অন্তত ৭৫ জন আহত হয়েছিলেন।
এর আগের বছর ২০২৪ সালেও স্বাধীনতা দিবস উদযাপনের সময় আকাশে গুলি ছোড়ার ঘটনায় প্রায় ৯৫ জন আহত হন।
ফলে উৎসবের আনন্দে এ ধরনের বিপজ্জনক কর্মকাণ্ড বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি আরও জোরালো হচ্ছে। সূত্র: জিও নিউজ, ডন

























অঞ্চলভিত্তিক চলবে ব্যাটারিচালিত রিকশা, আসছে নীতিমালা