কারাগার থেকে নিখোঁজ রাশিয়ার বিরোধী নেতা নাভালনি!

- আপডেট সময় : ০৭:০১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
- / 177
রাশিয়ার সরকারবিরোধী নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সাই নাভালনি কারাগার থেকে নিখোঁজ হয়েছেন। ৬ দিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন বলে জানান তাঁর আইনজীবীরা। তাদের বরাতে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
আইনজীবীরা জানেন না নাভালনি এখন কোথায় আছেন। তবে সবশেষ তাঁকে আইকে-৬ পেনাল কলোনিতে রাখা হয়েছিল, যা বন্দীদের ওপর বর্বরতার জন্য পরিচিত। উগ্রপন্থায় উসকানিসহ নানা অভিযোগে নাভালনিকে গত আগস্টে ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
৪৭ বছর বয়সী নাভালনির নিখোঁজের খবর এমন সময়ে এল, যখন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন ভ্লাদিমির পুতিন। ২০২৪ সালের মার্চে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
এর আগে ২০২০ সালে সার্বিয়ায় নাভালনিকে বিষাক্ত রাসায়নিক প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়। অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাঁকে জার্মানি নেওয়া হয়। সেখানে দীর্ঘ চিকিৎসা শেষে গত বছর দেশে ফিরলে বিমানবন্দরেই গ্রেপ্তার করা হয় নাভালনিকে।
নিজের বিরুদ্ধে সব অভিযোগই অস্বীকার করেছেন তিনি। নাভালনি ও তাঁর সমর্থকেরা এসব অভিযোগ ভুয়া বলে দাবি করে আসছেন। এরই মধ্যে নাভালনি ও তাঁর দলের নেতা-কর্মীদের চরমপন্থী হিসেবে ঘোষণা করেছে রুশ প্রশাসন।




















