ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ

- আপডেট সময় : ০১:৪২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 0
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্রই যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা নির্বাচন কার্যালয়ে আয়োজিত যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে প্রার্থীদের মনোনয়নপত্রের তথ্যাদি সঠিক থাকায় সবার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।
ছয় প্রার্থী হলেন- বিএনপির মির্জা ফয়সল আমিন, ওবায়দুল্লাহ মাসুদ, জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী ও বাংলাদেশ কংগ্রেসের হোসেন মোহাম্মদ ওমর ফারুক।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা নেবে।
তিনি নির্বাচনে অংশ নেওয়া সব দল ও প্রার্থীর সার্বিক সহযোগিতা কামনা করেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে।
আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর। আগামী ২৯ অক্টোবর আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ঠাকুরগাঁও সদর, নবগঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮। এতে ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মির্জা ফয়সাল আমিন হলেন বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।
























