চীনের কাছে হেরে সপ্তম স্থান নির্ধারণী লড়াইয়ে বাংলাদেশ

- আপডেট সময় : ০৩:১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / 1
এশিয়ান গেমস পুরুষদের হকিতে পঞ্চম স্থান অর্জনের সুযোগ হারাল বাংলাদেশ। আজ চীনের বিপক্ষে ৫ম-৮ম স্থান নির্ধারণী ম্যাচে ৭-১ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচে বাংলাদেশকে চাপে রাখে চীন। দ্বিতীয় মিনিটে ঝাং জিয়ালিয়াংয়ের গোলে এগিয়ে যায় তারা। চতুর্থ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ঝাও ইউলাই।
দ্বিতীয় কোয়ার্টারের শেষ দিকে চেন বেনহাইয়ের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় চীন। ৩০তম মিনিটে বাংলাদেশের হয়ে একটি গোল শোধ করেন রকিবুল হাসান।
তৃতীয় কোয়ার্টারে আরও দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় চীন। ৩২তম মিনিটে ব্যবধান ৪-১ করেন গাও জিয়েশেং। ১১ মিনিট পর নিজের দ্বিতীয় আর দলের পঞ্চম গোলটি করেন ঝাং জিয়ালিয়াং।
শেষ কোয়ার্টারে আরও দুই গোল করে বড় জয় নিশ্চিত করে চীন। ৫৫ ও ৫৮ মিনিটে দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন চেন বেনহাই।
এই হারে ৫ম-৬ষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে খেলার সুযোগ হারিয়েছে বাংলাদেশ। শনিবার ৭ম-৮ম স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে আমিরুল ইসলামরা। সেখানে তাদের প্রতিপক্ষ থাইল্যান্ড। স্থান নির্ধারণী অপর ম্যাচে জাপানের বিপক্ষে ৯-১ গোলে হেরেছে তারা।
এর আগে চতুর্থ স্থানে থেকে গ্রুপপর্ব শেষ করেছিল বাংলাদেশ। ‘এ’ পুলের ৫ ম্যাচের ২টি জিতেছিল তারা।




















