বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে ৩ লঘুচাপ, আসছে ঘূর্ণিঝড়

- আপডেট সময় : ১১:২৭:২৩ পূর্বাহ্ন, রোববার, ৪ অক্টোবর ২০২৬
- / 1
চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এ ছাড়াও চলতি মাসে দেশে ৩ থেকে ৪ দিন বজ্রঝড় হতে পারে। অক্টোবর, ২০২৬ মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, চলতি অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এ ছাড়া চলতি মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে।ইতিহাস পড়ুন
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ মাসে দেশে ৩ থেকে ৪ দিন বজ্রঝড় হতে পারে। সেই সঙ্গে অক্টোবর মাসের দ্বিতীয়ার্ধে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।
এ ছাড়া অক্টোবর মাসজুড়ে দেশের প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ভারী বৃষ্টিপাতজনিত কারণে এ মাসে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলের কিছু কিছু স্থানে পানি সমতল সাময়িকভাবে দ্রুত বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি এ মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক শূন্য থেকে ৪ দশমিক শূন্য মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৪ দশমিক শূন্য থেকে ৬ দশমিক শূন্য ঘণ্টা থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।























