বলিউড অভিনেতা নানা পাটেকর আর নেই

- আপডেট সময় : ১১:২২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 3
বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে দ্য ইকোনমিক টাইমস, নবভারত টাইমস ও লাইভমিন্ট এ খবর প্রকাশ করে। এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়াতেও এ খবর এসেছে।
দ্য ইকোনমিক টাইমস এএনআইয়ের বরাতে মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান চিকিৎসক শেখর সালকারের বক্তব্য প্রকাশ করেছে। ওই চিকিৎসক বলেন , হাসপাতালে নেওয়ার পর প্রায় ৪৫ মিনিট ধরে নানা পাটেকরকে বাঁচানোর চেষ্টা করা হয়। তাঁকে ক্রমাগত সিপিআর দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এ ঘটনায় একটি মেডিকো-লিগ্যাল কেস (এমএলসি) নথিভুক্ত করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে নেওয়া হয় তাঁকে। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, মৃত্যুর আগে গোয়ার ফ্ল্যাটে অবস্থান করছিলেন নানা পাটেকর। সেখানে হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন তিনি। বিষয়টি জানার পর তার ছেলে মালহার পাটেকর দ্রুত একটি মেডিকেল টিমকে ফ্ল্যাটে পাঠান।
চিকিৎসক দল সেখানে পৌঁছে অভিনেতাকে অচেতন অবস্থায় দেখতে পায়। তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেয়া হয়। এরপর দ্রুত তাকে গোয়ার মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। হাসপাতালের চিকিৎসকেরা স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে নানা পাটেকরকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর ঘটনাটি মেডিকো-লিগ্যাল কেস হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ও পরিস্থিতি নিশ্চিত করতে বৃহস্পতিবারই তার ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে। ফলে ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত মৃত্যুর নির্দিষ্ট চিকিৎসাগত কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
হিন্দুস্তান টাইমসের খবরে স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানানো হয়, নানা পাটেকরের ছেলে মালহার পাটেকর বাবা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
নানা পাটেকরের আসল নাম বিশ্বনাথ পাটেকর। ১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্ম নানা পাটেকরের। তাঁর প্রকৃত নাম বিশ্বনাথ পাটেকর। হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে কয়েক দশকের অভিনয়জীবনে স্বতন্ত্র অভিনয়ভঙ্গি ও সংলাপ বলার ধরনের জন্য বিশেষ পরিচিতি পান তিনি।
মহারাষ্ট্রে জন্ম নেয়া এই অভিনেতা হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে দীর্ঘ ক্যারিয়ার গড়েছেন। ১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে তাঁর চলচ্চিত্রজীবন শুরু হয়। এরপর ‘পারিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অগ্নিসাক্ষী’, ‘খামোশি: দ্য মিউজিক্যাল’, ‘অব তক ছাপ্পান’ ও ‘নটসম্রাট’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি।
পরবর্তীতে ২০০০-এর দশকের সূচনালগ্নে ‘শক্তি: দ্য পাওয়ার’ (২০০২), ‘আব তাক ছাপ্পান’ (২০০৪), ‘অপহরণ’ (২০০৫) এবং ‘ট্যাক্সি নম্বর ৯২১১’ (২০০৬) সিনেমায় তার দুর্দান্ত অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায়।
বাণিজ্যিক ধারার কমেডি ছবি ‘ওয়েলকাম’ (২০০৭) এবং এর সিক্যুয়াল ‘ওয়েলকাম ব্যাক’ (২০১৫)-এ গ্যাংস্টার ‘উদয় শেট্টি’ চরিত্রে অভিনয় করে সিনেপ্রেমীদের মনে আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি।
এ ছাড়া জনপ্রিয় রাজনৈতিক থ্রিলার ‘রাজনীতি’ (২০১০) সিনেমায় দুর্দান্ত পার্শ্ব চরিত্রের জন্য পঞ্চমবারের মতো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা পার্শ্ব অভিনেতার মনোনয়ন পান তিনি। পরবর্তীতে ২০১৬ সালে সাড়া জাগানো মারাঠি ছবি ‘নটসম্রাট’-এ অসাধারণ অভিনয়ের জন্য ফিল্মফেয়ার সেরা অভিনেতার পুরস্কার জয় করেন নানা পাটেকার। পরবর্তীতে কমেডি থ্রিলার ‘হাউসফুল ৫’ চলচ্চিত্রেও পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছিল তাকে।
‘যশোবন্ত’ (১৯৯৭), ‘ওয়াজুদ’ (১৯৯৮) এবং ‘আঁচ’ (২০০৩) সিনেমায় নেপথ্য কণ্ঠশিল্পী (প্লেব্যাক) হিসেবে গান গেয়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
অভিনয়ের জন্য নানা পাটেকর তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ২০১৩ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। শক্তিশালী অভিনয়, স্বতন্ত্র সংলাপ বলার ধরন ও বহুমুখী চরিত্রের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন নানা পাটেকর। তাঁর আকস্মিক মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।


























