বিশ্বকাপ বিক্রি বিতর্ক, ইনফান্তিনোকে ইউয়েফার আলটিমেটাম

- আপডেট সময় : ১২:১৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / 2
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব ও সংস্থাটির বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফা। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় নথি প্রকাশ ও প্রশ্নের জবাব দিতে ফিফাকে দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছে তারা।
সোমবার ফিফার সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রোমকে চিঠি পাঠান ইউয়েফার সাধারণ সম্পাদক থিওডোর থিওডোরিডিস। চিঠির সঙ্গে আট পৃষ্ঠার একটি নথি যুক্ত করা হয়েছে, যেখানে গত ১২ মাসে ফিফার নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত ও কার্যক্রম নিয়ে ৫০টির বেশি প্রশ্ন রয়েছে। আগামী ২ নভেম্বরের মধ্যে প্রতিটি প্রশ্নের বিস্তারিত লিখিত জবাব ও সংশ্লিষ্ট নথিপত্র চেয়েছে ইউয়েফা।
চিঠিতে ফিফার নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত ও কার্যক্রম নিয়ে এতে প্রশ্ন তোলা হয়েছে। এর মধ্যে রয়েছে ফিফার বাণিজ্যিক স্বত্বের ২০ শতাংশ বিক্রির প্রস্তাব, যুক্তরাষ্ট্রের ফুটবলার ফোলারিন বালোগানের লাল কার্ড প্রত্যাহারের ঘটনা, শান্তি পুরস্কার, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক এবং আগামী বছরের ফিফা সভাপতি নির্বাচন।
ফিফার ভেতরে স্বার্থের সংঘাতের সম্ভাবনা নিয়েও অভিযোগ তুলেছে ইউয়েফা। পাশাপাশি সংস্থাটির পরিচালনব্যবস্থা পর্যালোচনার জন্য প্রকৃত অর্থে স্বাধীন একটি উদ্যোগ নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেছে তারা।
গত সপ্তাহে জুরিখে অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের বৈঠকের পর এই পদক্ষেপ নিল ইউয়েফা। জুলাইয়ে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রকল্প নিয়ে বিতর্ক শুরুর পর সেটিই ছিল কাউন্সিলের প্রথম বৈঠক। সেখানে ইনফান্তিনো বিভিন্ন প্রশ্ন শুনলেও সেগুলোর বিস্তারিত জবাব দেননি। বরং ১৬ ডিসেম্বর দোহায় পরবর্তী বৈঠকের আগে লিখিতভাবে প্রশ্ন জমা দিতে কাউন্সিল সদস্যদের বলেন।
চিঠিতে থিওডোরিডিস লিখেছেন, কাউন্সিল সদস্যদের তোলা বেশ কিছু মৌলিক প্রশ্নের জবাবে এখন পর্যন্ত সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। কিছু প্রশ্নের উত্তর এখনো দেওয়া হয়নি, প্রয়োজনীয় তথ্য ও নথিপত্রও সরবরাহ করা হয়নি।
তিনি আরও বলেন, প্রতিটি প্রশ্নের বিস্তারিত লিখিত জবাব ও সংশ্লিষ্ট নথি দিতে হবে। কোনো তথ্য বা নথি প্রকাশে অস্বীকৃতি জানালে তার নির্দিষ্ট কারণও আলাদাভাবে ব্যাখ্যা করতে হবে। এসব প্রশ্নের উত্তর এখনই প্রয়োজন। ফিফা কাউন্সিলের পরবর্তী বৈঠক পর্যন্ত তা ফেলে রাখা যাবে না।
গত ১২ মাসে ফিফার নেওয়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েও জবাব চেয়েছে ইউয়েফা। এর মধ্যে রয়েছে পুরুষদের বিশ্বকাপের ড্র লাস ভেগাস থেকে ওয়াশিংটন ডিসিতে সরিয়ে নেওয়া, ম্যাচে পানি পানের বিরতি চালু করা এবং বিশ্বকাপ ফাইনালে ২৭ মিনিটের বিরতি রাখার সিদ্ধান্ত।
২০২৭ সালের মার্চে ফিফা সভাপতির পরবর্তী নির্বাচন। সেই নির্বাচনে চতুর্থ মেয়াদের জন্য প্রার্থী হওয়ার কথা রয়েছে ইনফান্তিনোর। তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়ন দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফা নভেম্বরের সময়সীমার আগে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেওয়ার কথা জানিয়েছে।























