ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ২৭

- আপডেট সময় : ১২:০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
- / 156
ফরিদপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৭ জন। এর মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে ফরিদপুর সদরের কানাইপুরের মল্লিকপুর ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মারুফ হোসেন জানান, ঢাকা থেকে ঝিনাইদহগামী গ্রীন এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সাতক্ষীরার শ্যামনগর থেকে ছেড়ে আসা খাগড়াছড়ি পরিবহন নামে অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতদের সবাই খাগড়াছড়ি পরিবহনের যাত্রী ছিল।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মাহমুদুজ্জামান জানান, দুর্ঘটনায় আহত ২৭ জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।























