ইসরায়েলি সেনাদের ওপর ভয়াবহ হামলা স্বাধীনতাকামী যোদ্ধাদের

- আপডেট সময় : ০১:৪৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / 111
দখলদার ইসরায়েলি সেনাদের ওপর ভয়াবহ হামলার দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। সোমবার (৫ মে) আল জাজিরার খবরে বলা হয়েছে, হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনীর ওপর ভয়াবহ হামলা চালিয়েছে তারা।
সশস্ত্র গোষ্ঠীটির দাবি, খান ইউনিসের পূর্বে আল-ফারাহিন এলাকায় ‘আল-ইয়াসিন ১০৫ ক্ষেপণাস্ত্র দিয়ে দুটি ইসরায়েলি ট্যাংক এবং একটি সামরিক বুলডোজার ধ্বংস করেছে তারা।
টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘পৃথকভাবে কাসাম ব্রিগেডের যোদ্ধারা একটি ইসরায়েলি “পদাতিক প্রকৌশল বাহিনীর” ওপর ক্ষেপণাস্ত্র এবং মেশিনগান দিয়ে আক্রমণ চালায়। এতে অনির্দিষ্ট সংখ্যক হতাহত হয়েছে।’
এর আগে রোববার গাজায় “আগ্রাসী” যুদ্ধ সম্প্রসারণের প্রতিক্রিয়ায় ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দরকে লক্ষ্যবস্তুতে পরিণত করে হুতি। এ ঘটনায় বিমান বন্দরটির নিকটে একটি বিশাল গর্ত তৈরি হয়।
এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে অনেক বিমান সংস্থা। তবে এ ঘটনার প্রেক্ষিতে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু।
এদিকে সোমবার ভোর থেকে গাজায় ইসরায়েলি বাহিনী কমপক্ষে ২০ জনকে হত্যা করেছে বলে জানায় আল জাজিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, উপত্যকায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৫২ হাজার ৫৩৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৮ হাজার ৪৯১ জন আহত হয়েছে।























