চট্টগ্রামে করোনায় ৬ জনের মৃত্যু, সতর্ক থাকার পরামর্শ

- আপডেট সময় : ০৪:৪৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- / 137
চট্টগ্রামে করোনায় নতুন করে দুজন মারা যাওয়ায় মোট মৃত্যুর সংখ্যা এখন ৬। তবে এদের মধ্যে সবাই বার্ধক্যজনিত কারণ ও নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। তাই পরিবারের এমন সদস্যদের ব্যাপারে বাড়তি সতর্কতার কথা বলছেন চিকিৎসকেরা।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের কনসালটেন্ট ডা. এইচ এম হামিদুল্লাহ মেহেদি বলেন, ‘এবার করোনা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা কম দেখা যাচ্ছে। অথচ করোনার ওমিক্রন ধরণে ব্যাপক হারে আক্রান্তের ঝুঁকি থেকে যায়। এ ধরণ সবার জন্য প্রাণঘাতী না হলেও যারা বার্ধক্যজনিত ও নানা জটিল রোগে আক্রান্ত তাদের ঝুঁকি বেশি।’
তিনি বলেন, ‘চট্টগ্রামে এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের সবাই নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন।’ তিনি আশ্বস্ত করেন সুস্থ সবল কেউ এখনো পর্যন্ত মারা যাননি। আর আক্রান্তদের মধ্যে বেশিরভাগই দ্রুত হাসপাতাল থেকে সেরে উঠে বাড়ি ফিরছেন নয়তো অবস্থা ততটা সংকটাপন্ন না হওয়ায় বাড়িতেই সুস্থ হচ্ছেন বলে জানান তিনি।
সিভিল সার্জন কার্যালয়ের সবশেষ তথ্যে, নতুন করে ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১২০ জনের নমুনা পরীক্ষা করে তাঁদের শনাক্ত করা হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে ১ জন, শেভরন ডায়াগনস্টিক ২ ও এভারকেয়ার হাসপাতালে ১ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট ৭৮ জন আক্রান্ত হলেন।
























