শ্রীলঙ্কাকে ৯-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ

- আপডেট সময় : ১১:১৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- / 63
অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচেই বড় জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে ৯-১ গোলের বিশাল ব্যবধানে। ম্যাচে হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের নাম্বার টেন সাগরিকা। জোড়া গোল এসেছে মুনকি আক্তারের পা থেকে।
শুরু থেকেই যেন তেজে টইটম্বুর লাল-সবুজের মেয়েরা। মাঠের প্রতিটি ইঞ্চি দখলে রেখে শুরু থেকেই আক্রমণের ফলস্বরূপ ডি বক্সের বাইরে ফ্রি কিক পায় মেয়েরা।
বাংলাদেশের নাম্বার সেভেন স্বপ্না রাণীর বাঁকানো ফ্রি কিকে যে কেউ খুঁজে নিতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদোর ছাপ।
লিড পেয়ে যেন আরো বিধ্বংসী মেয়েরা। মিনিটখানেক পর মুনকি আক্তারের গোলে ব্যবধান দ্বিগুণ করে মেয়েরা। এরপরে একের পর এক আক্রমণ শানালেও গোল মিসের মহড়ায় নামে পিটার বাটলারের শিষ্যরা। যদিও প্রথমার্ধ শেষের মিনিট সাতেক আগে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে আবারো গোলমুখ খোলেন সাগরিকা।
বিরতির পর কোচ পিটার বাটলার অধিনায়ক আফঈদা খন্দকারসহ তিনজনকে উঠিয়ে নিলে আরও ভয়ংকর হয়ে ওঠে বাংলাদেশ। নিখুঁত পাসিং, দ্রুত গতির কাউন্টার অ্যাটাক সব মিলিয়ে যেন একপাক্ষিক প্রদর্শনী।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সাগরিকার পাসে আনমার্কড থাকা মুনকি গোল করেন। এরপরেই জালে বল জড়ান শিখা। তিন মিনিট পর একক প্রচেষ্টায় এগিয়ে বক্সে ঢুকে নীচু শটে ব্যবধান বাড়ানোর পাঁচ মিনিট পর নিজের হ্যাটট্রিকও পূরণ করেন নাম্বার টেন সাগরিকা।
রুপা বাংলাদেশের হয়ে অষ্টম গোল করেন। যদিও বাংলাদেশের ডিফেন্স আধিপত্যে চিড় ধরিয়ে ইনজুরি সময়ে শ্রীলঙ্কার লালিয়ান এক গোল শোধ দেন। শেষ বাঁশি বাজার আগমুহূর্তে স্বাগতিকদের হয়ে নবম পেরেক ঠুকে বড় জয় নিশ্চিত করেন করেন শান্তি।
প্রথমে পাঁচটি দেশকে নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে ভারত নাম প্রত্যাহার করায় চার দেশকে (বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান) নিয়ে শুরু হয়েছে এবারের আসর। নতুন ফরম্যাট অনুযায়ী প্রতিটি দল একে অপরের সঙ্গে দুবার করে মুখোমুখি হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে ১৩ জুলাই, নেপালের বিপক্ষে। এরপর ১৫ ও ১৭ জুলাই টানা দুই ম্যাচে প্রতিপক্ষ হবে ভুটান। ১৯ জুলাই আবারও শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ ম্যাচ ২১ জুলাই, প্রতিপক্ষ নেপাল।
বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টে বাংলাদেশের সাফল্যের ইতিহাস বেশ সমৃদ্ধ। সর্বশেষ ২০২৪ আসরে ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় তারা। মোট পাঁচবারের আয়োজনে চারবারই শিরোপা ঘরে তুলেছে লাল-সবুজের মেয়েরা। এবারের আসরেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় কোচ মাহবুব হোসেন রক্সির শিষ্যরা।
























