গাজার গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে শীর্ষ কর্মকর্তাদের প্রতি ইইউ পার্লামেন্টের আহ্বান

- আপডেট সময় : ০১:১৪:২৮ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / 90
ইউরোপীয় পার্লামেন্টের বামপন্থী, সবুজ/ইউরোপিয়ান ফ্রি অ্যালায়েন্স এবং প্রগ্রেসিভ অ্যালায়েন্স অব সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাটসের নেতারা মঙ্গলবার গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এবং ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসকে লেখা এক যৌথ চিঠিতে তারা ইসরাইলের চলমান হামলার মধ্যে ব্লকের অব্যাহত নিষ্ক্রিয়তার সমালোচনা করেছেন।
তারা ইইউকে অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতিতে সমর্থন দেওয়া, ইইউ-ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করা এবং ইসরায়েলের ওপর ব্যাপক অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর করার আহ্বান জানান।
চিঠিতে ইসরায়েলি কর্মকর্তাদের ওপর টার্গেটেড নিষেধাজ্ঞা, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থাকে (ইউএনআরডব্লিউএ) পূর্ণ তহবিল পুনর্বহাল এবং অবৈধ ইসরায়েলি বসতি থেকে পণ্য বাণিজ্য নিষিদ্ধ করারও আহ্বান জানানো হয়েছে।
“এই পরিস্থিতিকে আর নিছক জরুরি অবস্থা হিসাবে বিবেচনা করা যায় না: গাজায় গণহত্যা সংঘটিত হচ্ছে তার স্পষ্ট প্রমাণ রয়েছে। ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় কাউন্সিল এখন পর্যন্ত আমাদের চুক্তি, মূল্যবোধ এবং দায়িত্বের দাবি অনুযায়ী জরুরি ভিত্তিতে সাড়া দিতে ব্যর্থ হয়েছে।
স্বাক্ষরকারীরা পশ্চিম তীরে ক্রমবর্ধমান বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং গাজা স্থায়ীভাবে দখল করার ইসরায়েলি পরিকল্পনার কথাও উল্লেখ করে এটিকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন।
ইইউ’র ফরেন সার্ভিস ইইউ-ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তি লঙ্ঘনের কথা স্বীকার করেছে, তারা উল্লেখ করেছে, তবুও চুক্তিটি কার্যকর রয়েছে এবং কোনও নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।
“আমরা আর দেরি করতে পারি না। আমরা আর রক্তপাত সহ্য করতে পারি না। গণদুর্ভোগ ও বিচারহীনতার মুখে ইতিহাস নীরবতা ক্ষমা করবে না। ইউরোপীয় ইউনিয়নকে অবশ্যই দায়িত্ব নিতে হবে এবং এখনই পদক্ষেপ নিতে হবে।
যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েলি সেনাবাহিনী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নৃশংস অভিযান চালিয়ে ৬১ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের প্রায় অর্ধেকই নারী ও শিশু।
ইসরায়েলের সামরিক অভিযান ছিটমহলটিকে ধ্বংস করে দিয়েছে এবং দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।
গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
ছিটমহলের বিরুদ্ধে যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও রয়েছে।























