বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেয়ার ঘোষণা মালয়েশিয়ার

- আপডেট সময় : ১১:৩৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / 64
অবশেষে বাংলাদেশি প্রবাসী কর্মীদের বহুল কাঙ্ক্ষিত মাল্টিপল এন্ট্রি ভিসা দেয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। আজ (শুক্রবার, ৮ আগস্ট) থেকে কার্যকর হচ্ছে এই ভিসা। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেসব বাংলাদেশি শ্রমিক বর্তমানে অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস (পিএলকেএস) ও সিঙ্গেল-এন্ট্রি ভিসা নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করছেন, তাদের আলাদাভাবে এমইভি আবেদন করতে হবে না।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বৈধ পিএলকেএসধারীদের জন্য আন্তর্জাতিক প্রবেশপথে অভিবাসন বিভাগ এমইভি সেবা সমন্বয় করবে। পিএলকেএস নবায়নের সময় স্বয়ংক্রিয়ভাবে এই এমইভি সুবিধা দেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে প্রবাসী শ্রমিকদের আগমন ও প্রস্থানের ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে এবং ইমিগ্রেশন পাসের অপব্যবহারের ঝুঁকি কমবে।
এটি চালুর ফলে কর্মীদের যাতায়াতে স্বাচ্ছন্দ্য যেমন আসবে, তেমনি প্রবেশ ও প্রত্যাবর্তনকারী শ্রমিকদের ব্যবস্থাপনাও আরও সুশৃঙ্খল হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
এর আগে ১৫ জুলাই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল এক ভিডিও বার্তায়, বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার মালয়েশিয়া সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, গত মে মাসে মালয়েশিয়া সফরকালে উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ বিষয়ে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।























