ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন হুথি প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৭:০০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- / 46
মধ্যপ্রাচ্যের সংঘাতে কবলিত রাষ্ট্র ইয়েমেনের রাজধানী সানায় দখলদার ইসরায়েলের বিমান হামলায় হুথি সমর্থিত আনসারুল্লাহ আন্দোলনের প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহাভির মৃত্যু হয়েছে বলে স্থানীয় একটি সূত্র দাবি করেছে।
ইরানভিত্তিক সংবাদমাধ্যম মেহের নিউজের বরাতে তথ্যটি জানিয়েছে ব্রিটিশ মিডিয়া দ্য টেলিগ্রাফ
সূত্রটি জানায়, গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) সানার দক্ষিণাঞ্চল হাদাহ এলাকায় একটি বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। এতে প্রধানমন্ত্রী আল-রাহাভি ও তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীসহ অন্তত চারজন প্রাণ হারান। হামলায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত বছরের ১০ আগস্ট আনসারুল্লাহ আন্দোলন আহমেদ গালেব আল-রাহাভিকে তাদের সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করে।
যদিও এই ঘটনাকে কেন্দ্র করে ভিন্নমতও সামনে এসেছে। আনসারুল্লাহর এক কর্মকর্তা দাবি করেন, ইসরায়েলের মূল লক্ষ্য ছিলেন না প্রধানমন্ত্রী বা হুথি নেতারা। বরং অন্য কোনো উদ্দেশ্যে হামলা চালানো হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
অন্য দিকে ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের সানায় বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হুথি নেতৃত্বাধীন সামরিক বাহিনীর একাধিক কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে ইয়েমেনি কর্মকর্তা নসর আল-দীন আমের এ দাবি প্রত্যাখ্যান করে বলেন, প্রতিরক্ষামন্ত্রী বা সেনাপ্রধানের মতো শীর্ষ কর্মকর্তারা হামলার লক্ষ্য ছিলেন না।
এই ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। সূত্র: দ্য টেলিগ্রাফ






















