আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫০০

- আপডেট সময় : ১২:১৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / 71
আফগানিস্তানের পূর্বাঞ্চলে রোববার রাতে ৬ দশমিক ০ মাত্রার ভূমিকম্পে ৫০০ জনেরও বেশি লোক নিহত ও ২০০০ জন আহত হয়েছে বলে দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে জালালাবাদ থেকে ২৭ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আনাদোলুকে জানিয়েছেন, কুনার প্রদেশের নুর গাল, সাউকি, ওয়াটপুর, মানোগি ও চাপা দারা জেলায় হতাহতের খবর পাওয়া গেছে।
তিনি বলেন, নিহত ও আহতের সংখ্যা চূড়ান্ত নয় কারণ কর্মকর্তারা এখনও অনেক প্রত্যন্ত অঞ্চলে স্থানীয় বাসিন্দাদের সাথে যোগাযোগ করছেন এবং ত্রাণ দলগুলি তাদের পথে রয়েছে।
তিনি আরও জানান, ভূমিধসের কারণে সাউকি জেলার দেওয়ান গুল এবং নুর গুল জেলার মাজার দারা যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে, যার ফলে উদ্ধারকারী দলগুলি ক্ষতিগ্রস্থ অঞ্চলে পৌঁছাতে অসুবিধা হচ্ছে।
স্থানীয়রা এটিকে দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে বর্ণনা করেছেন।
আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ভূমিকম্পে হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন।
মার্কিন সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স-এর প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, ‘দুঃখজনকভাবে, আজ রাতের ভূমিকম্পে আমাদের পূর্বাঞ্চলীয় কয়েকটি প্রদেশে প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে।
মুজাহিদ বলেন, স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং মধ্য ও আশপাশের প্রদেশ থেকে সহায়তাকারী দল ওই এলাকায় রওনা হয়েছে।
তিনি বলেন, ‘জীবন বাঁচাতে সব ধরনের সম্পদ ব্যবহার করা হবে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির পর একই এলাকায় ৫ দশমিক ২ মাত্রার আরও দুটি ভূমিকম্প আঘাত হেনেছে।























