আট বছর পর একীভূত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ

- আপডেট সময় : ১০:৪৩:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / 51
প্রায় আট বছর পর আবারও একত্র হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি বিভাগ—জননিরাপত্তা বিভাগ এবং সুরক্ষা সেবা বিভাগ। বুধবার (৩ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ অনুযায়ী মন্ত্রণালয়ের দুইটি বিভাগকে একীভূত করে পুনরায় “স্বরাষ্ট্র মন্ত্রণালয়” নামে গঠন করা হয়েছে।
উল্লেখ্য, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ও সুবিধার কথা বিবেচনা করে ২০১৭ সালের জানুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিভক্ত করা হয়েছিল। তখন একটি অংশকে জননিরাপত্তা বিভাগ এবং অপরটিকে সুরক্ষা সেবা বিভাগ হিসেবে গঠন করা হয়।
অর্থ পাচার ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার
জননিরাপত্তা বিভাগের অধীনে ছিল- বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, তদন্ত সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)।
অন্যদিকে, সুরক্ষা সেবা বিভাগের আওতায় ছিল, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদপ্তর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এখন থেকে এ সকল সংস্থা ও অধিদপ্তরের কার্যক্রম সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একক কাঠামোর অধীনেই পরিচালিত হবে।
























