যাত্রীবাহী বাসের ট্রাকের পেছনে ধাক্কা; পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩

- আপডেট সময় : ০৯:০৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / 57
নড়াইল-যশোর মহাসড়কে এক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়ায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় নিক্কন আঢ্য নামের এক পুলিশ কর্মকর্তা ও দুই বাসযাত্রীর মৃত্যু হয়। গতকাল (রোববার, ১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে মহাসড়কটির যশোর ভাঙুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তুলারামপুর হাইওয়ে পুলিশ জানায়, নড়াইল যশোর মহাসড়কের যশোরের বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় একটি বাঁশ বোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেসের’ একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের গ্লাস ভেঙে বাঁশের অগ্রভাগ ঢুকে পড়ে বাসের মধ্যে।
দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থল থেকে আক্তার হোসেন নামের এক বাসযাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এসময় যশোরের আরেক যাত্রী আবু জাফর ও পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্যকে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান তারা।
বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য বাড়তে পারে
হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আবু জাফরকে মৃত ঘোষণা করেন। এছাড়া পুলিশ কর্মকর্তা নিক্কনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়, তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পথেই নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে ওই পুলিশ কর্মকর্তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের উপপরিদর্শক নিক্কন আঢ্য নড়াইলের লোহাগড়া থানাধীন লাহুড়িয়া তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। তিনি ৩৭ ব্যাচে আউটসাইড ক্যাডেট হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
রোববার মুন্সিগঞ্জে আদালতে স্বাক্ষী দিয়ে ফিরছিলেন তিনি। পুলিশ কর্মকর্তার মর্মান্তিক মৃত্যুতে নড়াইলের নবাগত পুলিশ সুপার মো. রবিউল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সদর হাসপাতালে ছুটে যান।
আজ (সোমবার, ১৫ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ লাইনসে শ্রদ্ধা নিবেদন শেষে নিক্কনের মরদেহ তার গ্রামের বাড়ি যশোরের বাঘারপাড়ার পুকুরিয়া গ্রামে নেয়া হবে।























