স্বাস্থ্য খাতে আলোচিত ঠিকাদার মিঠু ৫ দিনের রিমান্ডে

- আপডেট সময় : ০৪:৫৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / 42
স্বাস্থ্য খাতে দুর্নীতির ঘটনায় আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম ওরফে মিঠুকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
এর আগে, মিঠুকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় এবং তার ১০ দিনের রিমান্ড চেয়ে দুদকের করা আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৬ জনের
গত ১১ সেপ্টেম্বর রাজধানীর গুলশান এলাকা থেকে মিঠুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরে দুদকের অনুরোধে তাকে সংস্থাটির কাছে হস্তান্তর করা হয়।
পরদিন তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। ওই দিন আদালত তাকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য ১৮ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
মামলার সূত্রে জানা গেছে, আসামি অসৎ উদ্দেশে নিজস্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭৫ কোটি ৮০ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে। এজন্য তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।




















