শাহবাগ অবরোধ তুলে নিয়ে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি শিক্ষকদের

- আপডেট সময় : ০৬:৪১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / 58
মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতাসহ তিন দফা দাবিতে প্রায় তিন ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখার পর রাস্তা ছেড়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার কিছু আগে তারা শাহবাগ ত্যাগ করেন। তবে অবরোধ তুলে নিলেও শিক্ষক নেতারা সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে তারা যমুনা ঘেরাওয়ের মতো আরও কঠোর আন্দোলনে যাবেন।
জানা গেছে, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা—এই তিন দাবিতে বুধবার দুপুর ২টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন এমপিওভুক্ত শিক্ষকরা। তাদের এই আকস্মিক কর্মসূচির ফলে শাহবাগ এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবিগুলো সরকার উপেক্ষা করে আসছে। দাবিগুলো আমলে না নেওয়ায় তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন।
অবরোধের সময়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, ‘শিক্ষকদের আন্দোলন সফলতার দিকে যাচ্ছে। মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া দেওয়াসহ তিন দাবি থেকে আমরা একচুলও নড়ব না। চিকিৎসা ভাতা ১ হাজার ৪৯৯ টাকা হলেও হবে না। আর কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশই দিতে হবে।’
এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এই শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন।




















