জুলাই সনদ বাস্তবায়ন আদেশে রাষ্ট্রপতির সই

- আপডেট সময় : ০২:৪৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / 95
জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে তার দপ্তরের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
এই আদেশের মাধ্যমে সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবগুলো এখন গণভোটে তোলা হবে। জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যস্থতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় যেসব সংস্কার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছিল, সেগুলোর ওপর জনগণের মতামত নেওয়া হবে সেই গণভোটে।
হাসিনার সর্বোচ্চ সাজার প্রত্যাশা চিফ প্রসিকিউটরের
এদিকে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এদিন দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। গণভোট কবে হবে, সেই সিদ্ধান্ত তিনি ভাষণে জানাতে পারেন। বেলা আড়াইটায় বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ডে প্রধান উপদেষ্টার ভাষণ সরাসরি সম্প্রচার হওয়ার কথা রয়েছে।
এর আগে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সেখানে আলোচনা হয়।
গত ২৮ অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের দুটি বিকল্প প্রস্তাব জমা দেয়। উভয় বিকল্পেই সংবিধান সংস্কার বাস্তবায়নের জন্য গণভোটের আয়োজন ও একটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলা হয়েছে।






















