পানির হিস্যায় ভারতকে এক চুলও ছাড় দেব না: নাহিদ

- আপডেট সময় : ১১:০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / 0
আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ। এ অবস্থায় ভারতের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে গঙ্গার পানি বণ্টনের বিষয়ে নতুন চুক্তি করতে সরকারকে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
তিনি বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে গঙ্গা পানি বণ্টন চুক্তি নতুন করে সই করতে হবে। নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ কীভাবে অংশীদারত্ব রাখবে, সেটিও স্পষ্ট করতে হবে। আবরার ফাহাদের চেতনাকে যদি আমরা ধারণ করতে চাই তাহলে ভারত-বাংলাদেশের সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে পুনঃস্থাপন করতে হবে। পানির হিস্যায় আমরা এক চুল পরিমাণ ছাড় দেব না।
বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানী পলাশী মোড়ে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার সপ্তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আলোচনা সভার আয়োজন করে আবরার ফাহাদ স্মৃতি সংসদ।
নাহিদ ইসলাম বলেন, আবরার ফাহাদকে আমরা দেখেছি বাংলাদেশের পক্ষের হিসেবে, বাংলাদেশের নদীর পানি যেন আমরা পাই সেটাই আবরার ফাহাদের চেতনা। সে বিষয় নিয়ে সামান্য ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে আবরার ফাহাদকে সারারাত নির্যাতন করে হত্যা করা হয়েছিল।
তিনি আরও বলেন, আবরার ফাহাদ শুধু একটি ঘটনা, আওয়ামী লীগের ১৬ বছরে এরকম কয়েক হাজার ঘটনা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে হয়েছে। নির্যাতন, গেস্ট রুম- এসবের মাধ্যমে যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তা সুস্পষ্ট হয় আবরার ফাহাদের মৃত্যুর মধ্য দিয়ে।
তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের অনেক অভিন্ন নদী রয়েছে। বাংলাদেশ কখনোই এর পানির ন্যায্য হিস্যা পায়নি। এগুলো এখন সমতার ভিত্তিতে হতে হবে।























