দুই অপরাধীর মেঘালয়ে আটকের খবর প্রকাশ করা হয়েছে: ডিএমপি

- আপডেট সময় : ১১:৩৬:২২ অপরাহ্ন, রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / 104
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার পলাতক প্রধান আসামি ও তার সহযোগীকে ভারতে পালাতে সহায়তাকারী দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মেঘালয় পুলিশ। আর এ তথ্য স্পষ্ট করার জন্য বিবৃতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিবৃতিতে সীমান্তবর্তী সূত্রের দেয়া তথ্যে দুই অপরাধীর মেঘালয়ে আটকের খবর প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়।
আজ (রোববার, ২৮ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম স্বাক্ষরিত বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে দিল্লির মন্তব্য প্রত্যাখ্যান ঢাকার
বিবৃতিতে বলা হয়,ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই সন্দেহভাজন ফয়সাল করিম ও আলমগীর শেখকে সীমান্ত পার করে ভারতে পৌঁছে দিতে যারা সহযোগিতা করেছে, তাদের মধ্যে কয়েকজনকে আমরা গ্রেপ্তার করেছি। তাদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতেই আমরা জানিয়েছি যে, এ হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট অপরাধীরা সীমান্ত অতিক্রম করেছে।
এছাড়া সীমান্তবর্তী এলাকায় আমাদের একাধিক সূত্র জানিয়েছে যে, এ অপরাধীদের ভারতে প্রবেশ ও আশ্রয় দিতে সহযোগিতা করেছে—এমন দুই ব্যক্তিকে মেঘালয় কর্তৃপক্ষ আটক করেছে। এ তথ্যের ভিত্তিতেই আমরা ওই দুই ব্যক্তিকে আটকের খবর প্রকাশ করেছি।
আমরা বিশ্বাস করি, সংশ্লিষ্ট সকল অপরাধীকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারত সরকার পূর্ণ সহযোগিতা প্রদান করবে।




















